প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম
দুরবস্থার মধ্যে চলছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীতমরিচা ধরা টিনের ছাউনি, মাটির দেয়াল, নেই শৌচাগার কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা। এমনকি তৃষ্ণা মেটাতে কৃষিজমিতে সেচ দেওয়ার ড্রেনের পানিই ভরসা। ১৭ বছর ধরে বেতন ছাড়াই পাঠদান করছেন পাঁচ শিক্ষক। এমনই দুরবস্থার মধ্যে চলছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামে অবস্থিত বিদ্যালয়টি আশপাশের সাত-আটটি গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা। প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান নেই। বর্তমানে এখানে প্রায় ১২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
১৯৮৫ সালে বড়াইল মিশন স্কুল নামে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। পরে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেলে ২০০৮ সালে নতুন নামে আবার চালু করা হয়। আর্থিক সংকটে ২০১৬ সালে নয় মাস বন্ধ থাকার পর শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় ফের পাঠদান শুরু হয়।
বিদ্যালয়ে পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষা উপকরণ নেই। বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে বিশেষ করে মেয়েদের নিয়মিত ক্লাসে আসতে সমস্যা হয়। শিক্ষার্থীরা জানায়, দারিদ্র্য, বাল্যবিয়ে ও পড়াশোনার পরিবেশের অভাবে অনেক শিশু ঝরে পড়ছে। একসময় তিন শতাধিক শিক্ষার্থী থাকলেও এখন তা কমে ১২০ জনে দাঁড়িয়েছে।
প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মণ জানান, পাঁচ শিক্ষক নিজেদের অর্থ খরচ করে দীর্ঘদিন ধরে পাঠদান চালিয়ে যাচ্ছেন। সরকারি স্বীকৃতি পেলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়টি পরিদর্শন করে সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসও নতুন ভবন, নিরাপদ পানির ব্যবস্থা ও সরকারি স্বীকৃতির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে।
তবে আশ্বাস নয়, বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের বেতন-ভাতা এবং শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ।
সময়ের আলো/এমকে