শেখ হাসিনাকে দেশে ফেরানোর আবেদন করার পর নতুন করে সামনে এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি । ছবি : সংগৃহীত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদন করার পর নতুন করে সামনে এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলা রয়েছে। তাকে দেশে ফেরাতে এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি।
ভারতের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তিতেই কোন পরিস্থিতিতে কাউকে হস্তান্তর করা যাবে এবং কোন পরিস্থিতিতে যাবে না, তা স্পষ্ট করা আছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বললেও চুক্তির শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো সম্ভব হবে কি না, সেটি বিবেচনার বিষয়। সবকিছু পর্যালোচনা করে তার ধারণা, ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ সম্ভব হবে না। তবে শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার আইনি পরামর্শকদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পর প্রত্যর্পণ নিয়ে আলোচনার মধ্যে ইন্টারপোলের রেড নোটিশ ও গ্রেফতারের বিষয়টিও সামনে এসেছে। এ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। এটি একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া।
বিবৃতিতে আরও বলা হয়, অনুরোধ গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত নিজ দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অভিযোগের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনি শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।
প্রত্যর্পণ চুক্তির পটভূমি
পলাতক অপরাধীদের অন্য দেশ থেকে ফিরিয়ে আনার আইনি কাঠামো হিসেবে বাংলাদেশে রয়েছে ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’। এই আইনের আওতায় বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এই চুক্তির আওতায় দুই দেশ এর আগে একাধিক বন্দি হস্তান্তর করেছে। এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করে। অন্যদিকে ভারত বাংলাদেশের কাছে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ফেরত দেয়।
২০১৬ সালে চুক্তিটির একটি ধারা সংশোধন করা হয়। সংশোধনের ফলে প্রত্যর্পণের আবেদন করার সময় অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়। এখন অনুরোধকারী দেশ সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা উপস্থাপন করলেই তা বৈধ প্রত্যর্পণ অনুরোধ হিসেবে বিবেচিত হতে পারে।
চুক্তিতে কোন অপরাধ প্রত্যর্পণযোগ্য
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা ও শর্ত উল্লেখ রয়েছে।
চুক্তি অনুযায়ী, উভয় দেশের আইনেই যে অপরাধের শাস্তি কমপক্ষে এক বছর কারাদণ্ড, তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। অপরাধটি কর বা রাজস্বসংক্রান্ত কিংবা সম্পূর্ণ আর্থিক প্রকৃতির হলেও প্রত্যর্পণের আওতায় আসতে পারে।
কোনো অপরাধকে দুই দেশের আইনে একই নামে বা একই শ্রেণিতে সংজ্ঞায়িত করা হয়েছে কি না, সেটিও প্রত্যর্পণযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বাধা হবে না। একইভাবে অপরাধ সংঘটনের চেষ্টা, এতে সহায়তা, প্ররোচনা বা সহযোগী হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যর্পণ কার্যকর হতে পারে।
চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধের অংশবিশেষ অনুরোধ গ্রহণকারী দেশের ভূখণ্ডে সংঘটিত হলেও প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে। তবে সংশ্লিষ্ট কার্যক্রম ও তার ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে অনুরোধকারী দেশের ভূখণ্ডে সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে হবে।
রাজনৈতিক অপরাধ হলে কী হবে
শেখ হাসিনার সমর্থকদের আলোচনায় চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তাদের যুক্তি, এই ধারায় রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে।
চুক্তির এই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে অনুরোধ গ্রহণকারী দেশ তা প্রত্যাখ্যান করতে পারে।
তবে সব ধরনের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ নেই। চুক্তিতে কিছু অপরাধের তালিকা দিয়ে সেগুলোকে রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য না করার কথা বলা হয়েছে।
এই তালিকায় রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যা, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন। এ ছাড়া বিস্ফোরক তৈরি বা দখলে রাখা, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে মানুষের জীবন বিপন্ন করা এবং গ্রেফতার বা আটক প্রতিরোধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো অপরাধও রয়েছে।
তালিকায় আরও রয়েছে অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা, স্বাধীনতাবঞ্চিত করা, জিম্মি করা, হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়া এবং জনসাধারণের ব্যবহার্য সম্পত্তির ক্ষতিসাধনের মতো অপরাধ। এসব ক্ষেত্রে রাজনৈতিক চরিত্রের অপরাধের যুক্তি দেখিয়ে প্রত্যর্পণ এড়ানোর সুযোগ সীমিত।
কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়
প্রত্যর্পণ চুক্তিতে কাউকে হস্তান্তরের পাশাপাশি তা প্রত্যাখ্যান করারও সুযোগ রাখা হয়েছে। চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন ভিত্তি উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, অনুরোধ গ্রহণকারী দেশ যদি মনে করে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তাহলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।
এ ছাড়া অভিযুক্ত অপরাধের গুরুত্ব খুব কম হলে কিংবা অপরাধ সংঘটনের পর বা বেআইনিভাবে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলে বিষয়টি বিবেচনায় নেওয়া যাবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলেও প্রতীয়মান হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।
গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন। তার এই অবস্থান প্রত্যর্পণ প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য ও ন্যায়বিচারের প্রশ্ন সামনে আনতে পারে।
সব মিলিয়ে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে একদিকে যেমন অপরাধের ধরন ও শাস্তির ভিত্তিতে বন্দি হস্তান্তরের বিধান রয়েছে, অন্যদিকে রাজনৈতিক অপরাধ, অন্যায় বা নিপীড়নের আশঙ্কাসহ কয়েকটি কারণে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রাখা হয়েছে। ফলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি শুধু বাংলাদেশের অনুরোধের ওপর নির্ভর করছে না; চুক্তির শর্ত এবং ভারতের আইনি প্রক্রিয়ায় বিষয়টির পর্যালোচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সময়ের আলো/এসকে