ছবি : সংগৃহীতদেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে থানা, পুলিশের গাড়ি, মোটরসাইকেল, বিজিবির যানবাহন ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার পর থানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং থানায় ফের হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা। তাদেরকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও সড়ক অবরোধ এখনও চলমান রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে পুলিশ বক্সের সামনে আগুন, নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুটি স্থানে আগুন এবং রাজশাহী ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মেহেরপুরে ছয়টি ককটেল ও ‘জয় বাংলা’ লেখা চিরকুট উদ্ধার এবং রংপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পিরোজপুরে বাসে আগুনে ঘুমন্ত হেলপার নিহত : পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম (হেলপার) নামে এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাহক বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন : এদিকে গোপালগঞ্জ সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বুধবার সন্ধ্যা ৭টার পর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় হাসপাতালটি আগুনও দেন তারা। থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচ তলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের বসার চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করেন এমপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত বের হয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হাসপাতালে ভাঙচুরের পাশাপাশি চেয়ার–টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়।
গোপালগঞ্জে ৩০ যানবাহনে আগুন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে থানা, পুলিশের যানবাহন, বিজিবির গাড়ি ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানা, নিলফা বাজার এবং পাটগাতী দক্ষিণপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী টুঙ্গিপাড়া থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল, বিজিবির একটি সাঁজোয়া যানসহ টহলের চারটি গাড়ি এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সব মিলিয়ে ৩০টি যানবাহনে অগ্নিসংযোগের কথা জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলটিমেটাম দেওয়া হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নেতাকর্মী ও সমর্থকরা থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা এলাকায় বিজিবির যানবাহনেও আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অগ্নিসংযোগে বন্ধ টুঙ্গিপাড়া থানার কার্যক্রম : টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকেই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। থানার বিভিন্ন কক্ষে পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা দেখা যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওসির কক্ষ। ডিউটি অফিসারের কক্ষের টেবিলে ভাঙা কাচ ছড়িয়ে ছিল। হাজতখানার তালা ও দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। উপপরিদর্শকদের কার্যালয়ের কম্পিউটার ও আসবাবও ভাঙচুর এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র দেখা যায়। পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। কয়েকজন পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে নিজেদের জিনিসপত্র খুঁজতে দেখা যায়।
এক পুলিশ সদস্য জানান, কয়েকজনকে গ্রেফতারের পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।
মালামাল নিয়ে চলে গেছেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা : এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। জানতে চাওয়া হলে একাধিক পুলিশ সদস্য বলেন, তাদেরকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। থানার একজন এসআই বলেন, মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর থেকে আবার হামলার আতঙ্কে রয়েছেন তারা। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন তারা। থানার আরেক এক পুলিশ কর্মকর্তা বলেন, থানায় পরিদর্শক তিনজন, এএসপি দুজন, এসআই সাত, এএসআই সাত এবং কনস্টেবলসহ ৩০ থেকে ৩৫ জন নিয়মিত কর্মরত ছিলেন।
টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধ : থানায় হামলা ও অগ্নিসংযোগের পর বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। তারা সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় কয়েকজনকে। গিমাডাঙ্গা ও কুশলী এলাকাতেও একই ধরনের অবস্থান দেখা যায়। সড়ক অবরোধের ছবি তুলতে বাধা না দিলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা মাঠে রয়েছেন। অবরোধের কারণে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান : গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সেখানে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা দিনরাত কাজ করছে। কেউ নাশকতা বা সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে বাসে অগ্নিসংযোগ, ককটেল হামলা ও অন্যান্য সহিংসতা প্রতিরোধে কাজ করার কথা জানান এসআরবির এই কর্মকর্তা।
চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সের সামনে আগুন : চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, সরাসরি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়নি। বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুন বক্সের আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠলে স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনার প্রতিবাদে বেলা ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় স্থানীয় বিএনপি। গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে দোকান : নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বিএনপি কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ : বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চার তলা ভবনের নিচ তলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ভবনের নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
একই সময়ে সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারাও পালিয়ে যায়। গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি জহিরুল ইসলাম জানান, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা হামলা : রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া কার্যালয় লক্ষ্য করে গভীর রাতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভবন লক্ষ্য করে পরপর দুটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে ভবনের নিচ তলার কাচের ফিটিং ও জানালা ভেঙে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংকের দাফতরিক কার্যক্রম বা গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি।
শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার সময় কর্মকর্তা-কর্মচারীরা ভবনের আবাসিক অংশে ঘুমিয়ে ছিলেন।
একজন কর্মকর্তা জানালার বাইরে অস্বাভাবিক আলোর আভা দেখতে পেয়ে নিচে আগুন জ্বলতে দেখেন। পরে তার চিৎকারে অন্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নেভান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বোতলজাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহারের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
মেহেরপুরে ছয়টি ককটেল ও ‘জয় বাংলা’ লেখা চিরকুট উদ্ধার : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। মঙ্গলবার রাত ও ভোরে এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এগুলোর সঙ্গে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট লাগানো ছিল। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
অন্যদিকে বুধবার ভোর ৬টার দিকে একই গ্রামের বোলতলা ব্রিজের ওপর আরও তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর উদ্দেশ্যে ককটেলগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
রংপুরে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন : রংপুর নগরীর পর্যটনপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাসটি একটি কোচিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের মালিকপক্ষ এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ : বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) পরিবহনে অগ্নিসংযোগসহ মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব করেছে। তবে পৃথক এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে