প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান

2026-11-19T01:11:32+00:00
2026-11-19T01:13:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:১১ এএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১:১৩ এএম
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের এক সংসদ সদস্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা বৈঠকে অংশ নেন। সেখানে দুই নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকে জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শফিকুর রহমান। একই সঙ্গে চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন।

সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িসহ একটি থানায় অগ্নিসংযোগ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং রাজধানীতে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তিনি বলেন, এই বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই- দেশে পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।

তিনি আরও বলেন, এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।


প্রধানমন্ত্রী বলেন, জনগণ আর কোনোভাবেই ওই অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। তিনি ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেবে জামায়াত

এদিকে, আওয়ামী লীগের কথিত নাশকতা ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি জানানো হবে। পাশাপাশি আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।

বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, প্রশাসনসহ সরকারি বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  বিরোধী  দলীয়  নেতা  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: