জমি নিবন্ধনে নতুন বাজারমূল্য ১ জানুয়ারি থেকে কার্যকর। ছবি : সংগৃহীতজমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি চালু হচ্ছে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। এ জন্য ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের মৌজাভিত্তিক ও শ্রেণিভিত্তিক বাজারমূল্যের তালিকা তৈরির কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদফতর।
সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিকে জমির নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। পরে এসব তালিকা নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জমির বাজারমূল্য নির্ধারণের পদ্ধতি এবং সংশ্লিষ্ট কমিটির কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। আর উপজেলা পর্যায়ের কমিটির সদস্য-সচিব হবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।
এদিকে ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্যের তালিকার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এ কারণে নতুন তালিকা তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দিয়েছে অধিদফতর।
নতুন বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের দাম ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি গণশুনানিতে পাওয়া তথ্যও মূল্য নির্ধারণে কাজে লাগানো হবে। একই মৌজার বৈশিষ্ট্য অনুযায়ী জমিকে একাধিক ক্লাস্টারে ভাগ করে আলাদা বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।
নতুন কাঠামোয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি বাজারমূল্য নির্ধারণের দায়িত্ব পালন করবে। আগের ব্যবস্থায় জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ কাজ করত।
সব প্রক্রিয়া শেষে অনুমোদিত নতুন বাজারমূল্যের তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারাদেশে কার্যকর হবে।
সময়ের আলো/জেডআই