দেশজুড়ে নাশকতা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, প্রাণ গেল ৪ জনের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও বাস-ট্রেনে আগুন, কোথাও

2026-11-19T09:56:45+00:00
2026-11-19T09:56:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশজুড়ে নাশকতা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, প্রাণ গেল ৪ জনের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ এএম 
গোপালগঞ্জে মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় তারা। টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়ক থেকে তোলা । ছবি : সময়ের আলো
দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও বাস-ট্রেনে আগুন, কোথাও পুলিশের গাড়িতে হামলা, আবার কোথাও সড়ক অবরোধ ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরেও এসব সহিংস কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত দেশের অন্তত ২১ জেলায় এসব ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন চারজন। 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির আয়োজিত একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বাংলা ট্রিবিউনকে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

অন্যদিকে, আগামী ডিসেম্বরকে সামনে রেখে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এ পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এরই মধ্যে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১ জেলায় বিভিন্ন ধরনের নাশকতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন জেলায় সংঘটিত নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন এবং ফরিদপুরে একজন রয়েছেন। তাদের তিনজন বিএনপির নেতা। অন্যজন পিরোজপুরে বাসের হেলপার, যিনি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) সিয়াম (২৫) আগুনে পুড়ে মারা যান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পরে বাহক পরিবহনের ভেতর থেকে সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। 


এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দলের এক নেতা নিহত হন। উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

একই সময়ে হামিরদী বাসস্ট্যান্ডের কাছাকাছি বিএনপির একটি কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় সেখানে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ শহরে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের বিভিন্ন সড়কে এসব সহিংসতা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন দিক থেকে আসা মিছিল ও মোটরসাইকেলের বহর লঞ্চঘাট এলাকায় একত্র হয়। সেখানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন ‘আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা চালানো হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা ফেসবুক লাইভে এসে পাঁচতলা ভবনটির নিচতলার প্যাথলজি বিভাগ, রিসিপশন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করেন। পরে আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

হামলার সময় হাসপাতালটিতে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। ওই সময় হাসপাতালে প্রসূতি মা, সদ্য সিজার হওয়া রোগী ও নবজাতকসহ অনেকেই চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্বজনরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। হাসপাতালের পাশের একটি ভবনে সংসদ সদস্য কে এম বাবর ভাড়া থাকলেও বর্তমানে সেখানে কেউ অবস্থান করছেন না।

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে শ্রীপুর-কাপাসিয়া সড়কে এ মিছিল বের করা হয়।

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে একাধিকবার হামলা ও ভাঙচুরের পর এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো বাহাউদ্দিন বাহারের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪ মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ১৪ মাথা এলাকায় তাঁর বাড়ির কাছেই ইউনিয়ন বিএনপির কার্যালয়টি অবস্থিত। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশের এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কাচের ফিটিং ও জানালার ক্ষতি হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু শাখাটির সামনের ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় আগুন দেওয়া হয়।

খুলনায় রাতের বেলায় একটি মুদি দোকান এবং ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে প্রতিষ্ঠান দুটি পুড়ে ছাই হয়ে গেছে। মুদি দোকানির দাবি, এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর লবণচরা থানার ওয়াজেদ নগর এলাকায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে লবণচরা থানা পুলিশ।


এদিকে খুলনা জেলা জজ আদালত ভবনের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ককটেলটি ছুড়ে পালিয়ে যায় তারা। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া খুলনা মহানগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস কাউন্টারে হামলা চালানো হয়। বুধবার মাগরিবের আজানের সময় সংঘটিত এ ঘটনায় দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

নিরাপত্তার কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ঢাকা-খুলনাসহ চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। গোপালগঞ্জ হয়ে বরিশালেও কোনো বাস চলাচল করছে না। বাস টার্মিনাল ও বিভিন্ন কাউন্টারে গিয়ে গাড়ি না পেয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা।

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৩টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়িটির সামনে এসে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

অন্যদিকে, চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব হামলায় শাখাগুলোর বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ভেতরে থাকা কর্মচারীরা বিষয়টি দ্রুত বুঝতে পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।


নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একদল দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের লাকড়ির দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কার্যালয় ও দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মাঝামাঝি পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও অগ্নিসংযোগ করা হয়।

অগ্নিসংযোগের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে এক যুবক আগুন ধরিয়ে দিচ্ছেন। তাঁর পরনে ছিল প্যান্ট। আগুন জ্বালানোর পরপরই দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

অন্যদিকে, ৪১ সেকেন্ডের আরেকটি ভিডিওতে অতিথপুর রেলস্টেশনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

বগুড়া মহানগরীর মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সদর উপজেলা পরিষদের সামনে আসে। এ সময় তাদের একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বাসাইল উপজেলা শাখা এবং দেলদুয়ার উপজেলা শাখায় এসব ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রংপুরে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর পর্যটনপাড়া এলাকায় একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এর ১০ ঘণ্টা পর বেলা ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছাকাছি একটি গ্যারেজে রাখা আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরপর দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।

১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্কতা অবলম্বন করছে। গোয়েন্দা সূত্রের দাবি, এ কর্মসূচিকে সামনে রেখে যানবাহন, সরকারি স্থাপনা, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

এমনকি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেও অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ককটেল  বিস্ফোরণ  অগ্নিসংযোগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: