প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩২ এএম আপডেট: ১৯.১১.২০২৬ ৯:৫২ এএম
রাজধানীর কলাবাগানের কাঠালবাগ এলাকায় কাঞ্চন টাওয়ারে আগুন। সংগৃহীত ছবি রাজধানীর কলাবাগানের কাঠালবাগ এলাকায় কাঞ্চন টাওয়ার নামে ১০ তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১১ মিনিট পর সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তারা দগ্ধ হন। পরে স্থানীয়ভাবে তাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ ঘটনায় দগ্ধ পাঁচজন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সময়ের আলো/ইউএমএইচ