প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:০০ এএম আপডেট: ১৯.১১.২০২৬ ৪:০২ এএম
জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও নগরীর প্রবেশপথে তল্লাশি। ছবি : সংগৃহীত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও হামলার ঘটনায় নাশকতার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় পুলিশি চেকপোস্টের সংখ্যা ছয় গুণ বাড়িয়ে ১৭৭টি করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও নগরীর প্রবেশপথে তল্লাশি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে রাজধানীতে সর্বোচ্চ ৩০টি চেকপোস্ট থাকলেও মঙ্গলবার রাত পর্যন্ত তা বেড়ে ১৭৭টিতে দাঁড়িয়েছে। উড়ালসড়কের প্রবেশ ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার রাতের মধ্যে নিরাপত্তা আরও জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও আগুনের ঘটনা ঘটেছে। ফরিদপুরের ভাঙ্গায় হামলা ও অগ্নিসংযোগে কৃষক দলের এক নেতা এবং নড়াইলে বিএনপির মিছিলে হামলায় কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এসব ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে বিএনপি।
ডিএমপির পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১০৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৬টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু নভেম্বরের প্রথম ১৬ দিনেই বিস্ফোরণ ঘটেছে ৭৯টি। এসব ঘটনায় ১২৪টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ২৬৭ জন। উদ্ধার করা হয়েছে ৭৫টি অবিস্ফোরিত ককটেল।
ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে দায়ী করেছেন। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার শেষ দিনে বৃহস্পতিবার লকডাউনের ডাক রয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নাশকতার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করে দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে গৃহযুদ্ধের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন।
নিরাপত্তা জোরদারে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর কয়েকটি স্কুলে বৃহস্পতিবারের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন মালিকরাও কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
সময়ের আলো/এমকে