উপসর্গ নেই, তবু ডায়াবেটিসের ঝুঁকিতে দেশের বিপুল মানুষ

এম মামুন হোসেন

জাতীয়

দেশে ডায়াবেটিস ক্রমেই বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। উদ্বেগের বিষয়, আক্রান্তদের একটি বড় অংশ জানেনই না যে তাদের ডায়াবেটিস রয়েছে।

2026-11-19T02:03:53+00:00
2026-11-19T02:03:53+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
উপসর্গ নেই, তবু ডায়াবেটিসের ঝুঁকিতে দেশের বিপুল মানুষ
এম মামুন হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:০৩ এএম 
দেশে ডায়াবেটিস ক্রমেই বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। ছবি : সংগৃহীত
দেশে ডায়াবেটিস ক্রমেই বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। উদ্বেগের বিষয়, আক্রান্তদের একটি বড় অংশ জানেনই না যে তাদের ডায়াবেটিস রয়েছে। আবার যাদের নতুন করে টাইপ ২ ডায়াবেটিস শনাক্ত হচ্ছে, তাদের অনেকের শরীরে রোগ নির্ণয়ের সময়ই দেখা দিচ্ছে বিভিন্ন জটিলতা। 

বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে ঝুঁকি যাচাই, নিয়মিত পরীক্ষা এবং জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের (সিজিএইচআর) উদ্যোগে পরিচালিত একটি কর্মসূচির তথ্যেও পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত আড়াই বছরে ‘ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর’ (ডিআরসি) অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই ও প্রাথমিক প্রতিরোধ কার্যক্রম চালাচ্ছে। এর মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের ডায়াবেটিসের ঝুঁকি যাচাই করা হয়েছে। তাদের মধ্যে ৫০ দশমিক ৩৭ শতাংশ টাইপ ২ ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে এবং ৪১ দশমিক ৯৬ শতাংশ মাঝারি ঝুঁকিতে রয়েছেন। মাত্র ৬ দশমিক ২০ শতাংশকে কম ঝুঁকির শ্রেণিতে পাওয়া গেছে।

অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ দশমিক ৫১ শতাংশ পুরুষ এবং ৫৭ দশমিক ৪৯ শতাংশ নারী। তাদের ৪১ দশমিক ৯০ শতাংশের স্থূলতা এবং ২৪ দশমিক ৮১ শতাংশের উচ্চ রক্তচাপ রয়েছে। ধূমপান করেন ১৫ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে ৬৩ দশমিক ৮২ শতাংশ শারীরিকভাবে সক্রিয় থাকার তথ্য দিয়েছেন। তাদের মধ্যে প্রতিদিন সবজি খান ৫১ দশমিক ২৪ শতাংশ এবং প্রতিদিন ফল খান তাদের মধ্যে মাত্র ২০ দশমিক ৫৪ শতাংশ।

ডায়াবেটিস প্রতিরোধে স্থূলতা, খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপ ও শারীরিক নিষ্ক্রিয়তার বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলে এই তথ্য যাচাইয়ে উঠে এসেছে। ডায়াবেটিসের দেরিতে শনাক্ত হওয়ার ঝুঁকি কতটা গুরুতর, তা উঠে এসেছে এই গবেষণায়। সেখানে নতুন করে টাইপ ২ ডায়াবেটিস শনাক্ত হওয়া ব্যক্তিদের ৫২ দশমিক ৭ শতাংশের রোগ নির্ণয়ের সময়ই অন্তত একটি জটিলতা ছিল। এসব জটিলতার মধ্যে স্নায়ুর ক্ষতি সবচেয়ে বেশি দেখা যায়। রোগ শনাক্ত হওয়ার আগেই শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ১১তম ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সি ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৩৮ লাখ ৭৭ হাজার। এ বয়সি জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিসের বয়স-সমন্বিত হার ১৩ দশমিক ২ শতাংশ। আক্রান্তদের ৩৯ দশমিক ১ শতাংশ জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। সংখ্যার হিসাবে শনাক্ত না হওয়া রোগীর সংখ্যা প্রায় ৫৪ লাখ। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে। 

বাংলাদেশের জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক জরিপ (বিডিএইচএস) অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সি নারীদের ১৭ শতাংশ এবং পুরুষদের ১৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। ২০১৭-১৮ সালের জরিপে এ হার ছিল যথাক্রমে ১০ ও ১১ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে উভয় জনগোষ্ঠীতেই রোগটির প্রকোপ বেড়েছে। 


জরিপে আরও দেখা গেছে, স্থূলকায় ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিসের হার স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় বেশি। শহরাঞ্চলের নারীদের মধ্যে এ হার ২৪ শতাংশ এবং পুরুষদের মধ্যে ২১ শতাংশ; গ্রামাঞ্চলে যথাক্রমে ১৪ ও ১৩ শতাংশ। 

ডায়াবেটিসের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধমূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে বাডাস। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ইতিমধ্যে নরসিংদী, কুমিল্লা ও কক্সবাজার জেলার ৮১৬টি কমিউনিটি ক্লিনিকে ডিআরসি অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জাতীয় প্রটোকলেও অ্যাপভিত্তিক ঝুঁকি যাচাই অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাপটির মাধ্যমে ব্যক্তির খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকির মাত্রা নিরূপণ এবং ব্যক্তিভিত্তিক খাদ্য ও ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়। যাদের আরও মূল্যায়ন প্রয়োজন, তাদের রক্তে গ্লুকোজ পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার পেছনে অতিরিক্ত ওজন, পেটের মেদ, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বংশগত প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নগরজীবনে দীর্ঘ সময় বসে থাকা, নিয়মিত হাঁটাচলা না করা এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণের কারণে ঝুঁকি আরও বাড়ছে।

টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি ও ক্ষত শুকাতে দেরি হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো লক্ষণ থাকে না। তাই শুধু উপসর্গের ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী রক্তে গ্লুকোজ ও এইচবিএ১সি পরীক্ষা করা জরুরি।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং স্নায়ুর ক্ষতির মতো জটিলতা দেখা দিতে পারে। নিয়মিত চিকিৎসা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এসব জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য নিয়মিত হাঁটা বা ব্যায়াম, শরীরের ওজন নিয়ন্ত্রণ, শাকসবজি ও আঁশযুক্ত খাবার বাড়ানো, ফল পরিমিত খাওয়া, অতিরিক্ত চিনি ও মিষ্টি পানীয় এড়িয়ে চলা এবং ধূমপান বর্জনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বাডাসের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের (সিজিএইচআর) পরিচালক অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি থাকলেও অনেকেই সুস্থ বোধ করেন। তাই উপসর্গ দেখা দেওয়ার আগেই মানুষের কাছে পৌঁছানো জরুরি। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, ঝুঁকি যাচাইয়ের সময়ই প্রতিরোধের পরামর্শ দেওয়া যায় এবং কাদের আরও মূল্যায়ন প্রয়োজন, তা চিহ্নিত করা যায়। 

জীবনযাপনে পরিবর্তন জরুরি উল্লেখ করে অধ্যাপক বিশ্বজিৎ বলেন, সব মিলিয়ে বাংলাদেশের ডায়াবেটিস পরিস্থিতি এখন শুধু চিকিৎসার বিষয় নয়, এটি প্রতিরোধ ও জনসচেতনতারও বড় চ্যালেঞ্জ। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি যারা এখনও রোগটি সম্পর্কে জানেন না, তাদের শনাক্ত করাও জরুরি। তৃণমূল পর্যায়ে ঝুঁকি যাচাইয়ের উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অনেক ক্ষেত্রে রোগের জটিলতা প্রতিরোধ করা সম্ভব।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   উপসর্গ  নেই  ডায়াবেটিস  ঝুঁকি  বিপুল  মানুষ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: