ছবি : সংগৃহীতচট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে আলোচনায় আসা ফুটবলার ঐশি দে। তার অভিযোগ, পারিবারিক বিরোধ মীমাংসার দায়িত্ব পাওয়া এক প্রধান শিক্ষক সমাধানের বিনিময়ে তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষকও। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন।
ঐশি দে’র অভিযোগ, বিয়ে না হওয়ায় তিনি পৈতৃক সম্পত্তির ভাগ পাচ্ছেন না। তার ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন তিনি।
এ বিরোধ মীমাংসার জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে মাস্টারকে দায়িত্ব দেন। ঐশির দাবি, বিষয়টি সমাধানের বিনিময়ে শ্যামল মাস্টার তাকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’
এ প্রস্তাবে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধের সমাধান হয়নি বলে দাবি ঐশির। পরে তিনি ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করেও শ্যামল মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে পাল্টা সংবাদ সম্মেলন করেন শ্যামল দে মাস্টার। সেখানে তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশির পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। তবে ঐশির মা ও ভাই তার প্রস্তাবিত সমাধানে রাজি না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
সমাধানের বিনিময়ে ঐশির সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেন শ্যামল মাস্টার। ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের কথোপকথন হয়নি বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট পরীক্ষায় সঠিক প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মেনে নেবেন। এ ছাড়া গৈড়লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার সময় নারীসংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দেননি বলেও দাবি করেন তিনি।
শুক্রবার আবার যোগাযোগ করা হলে শ্যামল মাস্টার জানান, সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যই তার শেষ কথা। ঐশি কী বলেছেন বা কী করেছেন, তা দেখার সময় তার নেই।
এদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। এর ১০ থেকে ১২ দিন আগেও তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। নতুন সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ভুয়া বলে শ্যামল মাস্টারের দেওয়া চ্যালেঞ্জকে স্বাগত জানান তিনি।
ঐশি বলেন, শ্যামল মাস্টারের প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের পারিবারিক বিরোধের সমাধান হয়নি। শ্যামল মাস্টার ও তার বাড়ি একই ইউনিয়নে। তিনি তাকে চাচা বলে সম্বোধন করতেন। তার কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করেননি বলেও জানান ঐশি।
অন্যদিকে, ঐশির অভিযোগের বিষয়ে শ্যামল মাস্টার তা অস্বীকার করেছেন। ফলে পারিবারিক বিরোধ মীমাংসার দায়িত্ব পালনকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্য অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এসএকে