গাদি আইজেনকোট। সংগৃহীত ছবিপশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতিস্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘যেকোনো বিচারেই ইহুদি সন্ত্রাসবাদ’ বলে মন্তব্য করেছেন গাদি আইজেনকোট। ইসরায়েলের জোট সরকার গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া ইয়াশার পার্টির এই চেয়ারম্যান সহিংস বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার রাতে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম দেইর আল-সুদানে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় ইহুদি বসতিস্থাপনকারীরা। একই রাতে পাশের দেইর আবু মাশা’আল ও কাফর মালিক গ্রামেও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতিস্থাপনকারীদের প্রায় প্রতিদিনের সহিংসতার খবরের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, চরমপন্থি গোষ্ঠীগুলোর যানবাহন ও বাড়িঘরে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।
তিনি বলেন, এই পরিস্থিতি অনিবার্য নয়। বরং ইসরায়েলের দুর্বল নেতৃত্বের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশটির অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বের সমালোচনা করেন তিনি। আইজেনকোটের অভিযোগ, এই দুই মন্ত্রীর কারণে পশ্চিম তীর ‘অনিয়ন্ত্রিত নৈরাজ্যের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে।
সহিংসতায় জড়িত ব্যক্তিদের থামাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আইজেনকোট। এসব পদক্ষেপের মধ্যে প্রশাসনিক আটক এবং ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সুনির্দিষ্ট অভিযান পরিচালনার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।
গত মাসে অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন আইজেনকোট। তবে নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকোট—কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
নির্বাচনের ফলাফলে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও আইজেনকোটের নেতৃত্বাধীন জোটও খুব বেশি পিছিয়ে নেই। তার মিত্রদের মধ্যে রয়েছেন বি’ইয়াখাদ পার্টির প্রধান নাফতালি বেনেট, ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যান এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোর অঙ্গীকার নিয়ে তারা নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন। এখনও তাকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তারা অনড় রয়েছেন।
তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর সরকার গঠনের কৌশল নিয়ে জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বেনেট আইজেনকোটের নেতৃত্বে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের পক্ষে। অন্যদিকে লিবারম্যান অতিরক্ষণশীল দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনে আগ্রহী।
এমন পরিস্থিতিতে সরকার গঠনের আলোচনা শুরু করতে লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন আইজেনকোট।
সময়ের আলো/ইউএমএইচ