প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৯ এএম

অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি : সংগৃহীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। তার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে অপসারণের দাবি জানিয়েছিল ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেয় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি।
গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানায়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জানতে চায় সংগঠনটি।
একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তদন্ত চলাকালে তাদের সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও তোলে সংগঠনটি।
পরদিন ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। এতে অধ্যাপক স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে সরানোর দাবিও জানানো হয়।
তবে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/জেডি