
লামায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছবি : সময়ের আলো
লামায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছবি : সময়ের আলোবান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয় কেন্দ্রটির। কিন্তু উদ্বোধনের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল সংকটে কার্যত অব্যবহৃত পড়ে রয়েছে সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র। ফলে নিরাপদ প্রসব, নবজাতকের চিকিৎসাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্গম এলাকার মা ও শিশুরা।
স্থানীয়দের প্রত্যাশা ছিল, কেন্দ্রটি চালু হলে দুর্গম পাহাড়ি এলাকার মানুষ বাড়ির কাছেই নিরাপদ প্রসব, নবজাতকের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। কিন্তু ছয় বছরেও সেই প্রত্যাশা পূরণ হয়নি।
সরই ইউনিয়নের অধিকাংশ মানুষ দিনমজুর ও প্রান্তিক কৃষক। জরুরি প্রয়োজনে দূরের হাসপাতালে যাওয়ার সামর্থ্য অনেক পরিবারের নেই। বিশেষ করে প্রসূতি মা ও অসুস্থ নবজাতককে নিয়ে দুর্গম পাহাড়ি সড়ক পাড়ি দিয়ে পাশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি অবস্থায় মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের ভবন নির্মাণ ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না দেওয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অবকাঠামো পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়।
স্থানীয় বাসিন্দা মো. আমিনুল হক ও আব্দুল মান্নান বলেন, বেশির ভাগ সময় হাসপাতালের মূল ফটক ও ভবনে তালা ঝুলতে দেখা যায়। রোগীর আনাগোনা নেই, চিকিৎসক বা নার্সদেরও দেখা মেলে না। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনে ধুলাবালি জমেছে। ১০ শয্যার হাসপাতাল হলেও কোনো শয্যাই কার্যকরভাবে চালু নেই। কোটি কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও চিকিৎসাসেবা না থাকায় মানুষের কোনো উপকার হচ্ছে না। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এলাকার মানুষ অনেকটা স্বস্তি পেতেন।
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে ৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়ন করা হয়। ভবনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতিও রয়েছে। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় পদ সৃষ্টি ও জনবল মঞ্জুর করা হয়নি।
জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে। কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় সাধারণ নারী ও শিশুরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। বর্তমানে মাত্র দুজন নার্স দিয়ে সপ্তাহে দুই দিন কোনো রকমে কেন্দ্রটির কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি বরাদ্দ ও জনবল নিয়োগ না হওয়ায় পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হচ্ছে না। ভবন ও সরঞ্জাম থাকলেও লোকবল না থাকায় কেন্দ্রটির কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক লুসাই মং বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ জানিয়েছে, অতি শিগগিরই শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে।
সময়ের আলো/জোই