
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে বছরের পর বছর গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে তারা যথেচ্ছা দুর্নীতি-অনিয়ম চালিয়েছেন। পট পরিবর্তনের পরও তারা বহাল রয়েছেন। আর সেসব কর্মকর্তার দাপটেই চলছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতর (সিসিআইঅ্যান্ডই)।
সরকার পরিবর্তনের পরও এসব কর্মকর্তার প্রভাব-প্রতিপত্তি কমেনি বরং নতুন রাজনৈতিক পরিচয়ে বহাল থেকে দফতরে গড়ে তুলেছেন অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেট। আমদানি-রফতানির লাইসেন্স ও পারমিট পেতে ঘুষ লেনদেন, দালালদের মাধ্যমে সেবা নিয়ন্ত্রণ, সরকারি অফিসে রাত পর্যন্ত বহিরাগতদের আনাগোনা এবং কর্মকর্তাদের পারিবারিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়িক অনুমোদন দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। অনলাইনভিত্তিক সেবা চালু থাকলেও দালালনির্ভরতা থেকে মুক্তি পাচ্ছেন না সেবাপ্রত্যাশীরা। এসব অভিযোগের পক্ষে সিসি ক্যামেরা ফুটেজ, মোবাইল ফোনের অবস্থান ও দাফতরিক নথি যাচাইয়ের সুপারিশ করা হলেও তিন মাসেও কার্যকর তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
দফতরটির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের নিয়ন্ত্রক মাসুদুল মান্নান গত ১৩ আগস্ট প্রধান নিয়ন্ত্রকের কাছে পাঠানো এক চিঠিতে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন। চিঠিতে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুল হক, সহকারী নিয়ন্ত্রক হাবিবুর রহমান সুমন এবং সিস্টেম অ্যানালিস্ট মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে সরকারি নির্ধারিত অফিস সময়ের বাইরে রাত ৯টা পর্যন্ত অফিস করার অভিযোগের কথা উল্লেখ করা হয়। বহিরাগতদের মধ্যে ওয়াহিদুজ্জামান হক ওরফে ওয়াহিদ নামে একজনের নামও উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী তিনি সন্ধ্যার পর বহিরাগত লোকজন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাতায়াত করতেন। অফিসের ভেতরে ও বাইরে অবস্থান করে সেবাপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ, দাফতরিক কাজে হস্তক্ষেপ এবং দালালনির্ভর পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে তৎকালীন প্রধান নিয়ন্ত্রকের নির্দেশে তাকে দফতর প্রাঙ্গণে নিয়মিত আসা-যাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা এবং আসা-যাওয়া বন্ধ করতে বলা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী নিয়ন্ত্রককে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ে নিয়ন্ত্রক মাসুদুল মান্নান সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহের প্রস্তাব দিয়ে চিঠিতে বলেন, প্রধান নিয়ন্ত্রকের দফতর ও ঢাকা আঞ্চলিক কার্যালয় সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিসে অবস্থান এবং বহিরাগতদের যাতায়াতের বিষয়টি যাচাই করা সম্ভব। এ জন্য সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ফুটেজ সংগ্রহের অনুরোধ জানিয়ে প্রধান নিয়ন্ত্রককে অবহিত করা হয়। প্রধান নিয়ন্ত্রক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফুটেজ সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন। এ ছাড়া অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গত এক বছরের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থানসংক্রান্ত তথ্য জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) কাছ থেকে সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়। তবে গত তিন মাসেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া দফতরের ওএলএম সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য আইটি প্রতিষ্ঠান নিয়োগের টেন্ডার নিয়েও অভিযোগ উঠেছে। টেন্ডার নম্বর ১২০৯১৩৮-এর আওতায় জমা পড়া ১০টি দরপত্রের মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করে বিজনেস অটোমেশন লিমিটেডকে কাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়। এ বিষয়ে অন্য প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯-এর বিধি-১৭ অনুসারে সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ছাড়া তিনি বা তার পরিবারের কোনো সদস্য তার এখতিয়ারাধীন অফিসের মাধ্যমে ব্যবসায়ের অনুমতি বা পারমিট গ্রহণ করতে পারবেন না। তবে নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুল হক বিধিবিধান তোয়াক্কা না করে তিনি তার মা জাহানারা বেগমকে কোম্পানির চেয়ারম্যান ও ভাগ্নে জাহিদ হোসেনকে ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে সিঅ্যান্ডএফ কোম্পানি আইওআর ক্লাউড লি: এবং তার স্ত্রী তাসনিয়া বিনতে কামালকে চেয়ারম্যান ও ভাগ্নে জাহিদ হোসেনকে ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে এলএসপি গ্লোবাল ফরোয়ার্ডিং নামক প্রতিষ্ঠান করেছেন। এই দুটি প্রতিষ্ঠান দিয়ে প্রতিনিয়ত আইপি, সিপি, ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের অনুমতি প্রদান করছেন।
একাধিক কর্মকর্তা অভিযোগ করেন মোহাম্মাদ মাহমুদুল হকের বাড়ী ফরিদপুর হওয়ায় তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মীয় পরিচয়ে আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে ২০১২ সাল হতে সিসিআইঅ্যান্ডই হেড অফিস ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে ভোল পাল্টে তিনি বিএনপির লোক পরিচয় দিয়ে নানা অনিয়ম করছেন।
এই সিন্ডিকেটের আরেক কর্মকর্তা উপনিয়ন্ত্রক মো. রিফাত হাসান আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও বিএনপি আদর্শের পরিচয় দিয়ে বঞ্চিত হিসেবে খুলনা থেকে সিসিআইএন্ডই হেড অফিসে বদলি হয়েছেন। তার বাবা ডা. শাহজাহান আলী সরকার গাইবান্ধা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং তিনি ২০২৪ সালের পাতানো আমি-ডামি নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্ধগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। এ ছাড়া সাবেক ছাত্রলীগ নেতা সহকারী নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান সুমনের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় এবং তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিগত আওয়ামী লীগ আমলে দাপট দেখাতেন বলে কর্মকর্তারা অভিযোগ করেন। চাকরি জীবনের শুরু থেকে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে পোস্টিং নিয়ে দাপট বহাল রেখেই অয়িনমের সঙ্গে জড়িত হন।
অভিযোগের বিষয়ে নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুল হক সময়ের আলোকে বলেন, সব অভিযোগ সঠিক নয়। একটি পক্ষ তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাননি।
আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) এ কে এম. মকসুদুল আরেফীন সময়ের আলোকে বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিসিএস কর্মকর্তা হওয়ায় অভিযোগের বিষয়ে তদন্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনও কোনো তদন্ত কমিটি গঠন বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ফ্যাসিস্ট আমলের দাপটশালী কর্মকর্তারা এখনও কীভাবে বহাল রয়েছেন জানতে চাইলে তিনি বলেন, শুধু এরা নন, আরও অনেকেই দাপটশালী হিসেবে বহাল রয়েছেন। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি