প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম

গ্রেফতার মো. মশিউর রহমান। ছবি : সময়ের আলো
গ্রেফতার মো. মশিউর রহমান। ছবি : সময়ের আলোরাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. মশিউর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌরসভার সীমান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর মশিউর রহমান ওই এলাকার শহিদুল্লাহর বাড়িতে ডিবি পরিচয়ে তাকে খুঁজতে যান। শহিদুল্লাহ হাটপাড়া এলাকার একজন মুদিদোকানি। মশিউরের পরিচয় ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে গোদাগাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে গোদাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মশিউর রহমানকে আটক করে।
আটক মশিউর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত খায়রুল বাশার।
পুলিশ জানায়, মশিউর বিভিন্ন এলাকায় ডিবি ও থানা-পুলিশের পরিচয় দিয়ে লোকজনকে জিম্মি করে টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সাতটি মামলা পাওয়া গেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জোই