প্রথমবার ভারত ভ্রমণ করছেন? মাথায় রাখুন ৭টি বিষয়

সময়ের আলো ডেস্ক

ফিচার

ভারত বিশাল একটি দেশ। অঞ্চল, ধর্ম, সম্প্রদায় ও প্রজন্মভেদে মানুষের জীবনযাপন এবং সামাজিক রীতিনীতিতে রয়েছে নানা পার্থক্য। প্রথমবার দেশটিতে যাওয়া

2026-11-29T16:13:56+00:00
2026-11-29T16:31:25+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ফিচার
প্রথমবার ভারত ভ্রমণ করছেন? মাথায় রাখুন ৭টি বিষয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৪:৩১ পিএম
তাজমহল, ভারত। ছবি : সংগৃহীত
তাজমহল, ভারত। ছবি : সংগৃহীত
ভারত বিশাল একটি দেশ। অঞ্চল, ধর্ম, সম্প্রদায় ও প্রজন্মভেদে মানুষের জীবনযাপন এবং সামাজিক রীতিনীতিতে রয়েছে নানা পার্থক্য। প্রথমবার দেশটিতে যাওয়া পর্যটকদের কাছে এসব অভিজ্ঞতার কিছুটা অচেনা বা বিভ্রান্তিকর মনে হতে পারে। তবে, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে ভ্রমণ অনেক সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে।

প্রথমবার ভারতে যাওয়ার আগে ৭টি বিষয় সম্পর্কে ধারণা রাখুন। তাহলে স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে।


খাবার দেওয়া-নেওয়ায় ডান হাতের ব্যবহার

ভারতে খাবার খাওয়া, কারও কাছ থেকে কিছু নেওয়া কিংবা কাউকে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাই প্রচলিত রীতি। বিশেষ করে খাবার খাওয়ার সময় ডান হাত ব্যবহারের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়।

এর পেছনে রয়েছে পরিচ্ছন্নতাসংক্রান্ত সামাজিক ও সাংস্কৃতিক ধারণা। প্রচলিত রীতি অনুযায়ী, শৌচকাজে বাম হাত ব্যবহার করা হয়। এ কারণে অনেকের কাছে বাম হাত দিয়ে খাবার দেওয়া-নেওয়া অস্বস্তিকর মনে হতে পারে। এটি শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গেও যুক্ত। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি পবিত্রতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

যদিও আধুনিক শহরগুলোতে মানুষের জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে, তবু সামাজিক যোগাযোগে ডান হাত ব্যবহারের রীতি এখনো প্রচলিত। তাই ভারত ভ্রমণে গেলে বিষয়টি মাথায় রাখা ভালো।


অপরিচিত মানুষের ব্যক্তিগত প্রশ্ন

ভারতে নতুন কারও সঙ্গে পরিচয় হলে কথাবার্তা দ্রুত ব্যক্তিগত বিষয়ে চলে যেতে পারে। আপনি বিবাহিত কি না, সন্তান কয়টি, কী কাজ করেন কিংবা কত আয় করেন- এমন প্রশ্নও শুনতে পারেন।

অন্য অনেক দেশে এসব প্রশ্নকে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা হলেও ভারতের অনেক এলাকায় এগুলো সাধারণ কথাবার্তার অংশ। অনেক সময় অপরিচিত ব্যক্তিরাও বন্ধুত্বপূর্ণ কৌতূহল থেকে এমন প্রশ্ন করেন।

এর পেছনে রয়েছে দেশটির পারিবারিক ও সামাজিক কাঠামোর প্রভাব। ঐতিহ্যগতভাবে ভারতের অনেক পরিবারে একসঙ্গে একাধিক প্রজন্মের বসবাসের প্রচলন রয়েছে। পরিবারের সদস্যরা একে অপরের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। সমাজেও ব্যক্তির চেয়ে পরিবার ও কমিউনিটির গুরুত্ব বেশি।

তবে, এসব প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নন। কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি হলে হাসিমুখে এড়িয়ে যেতে পারেন কিংবা অন্য প্রসঙ্গে কথা বলতে পারেন।

আবার এমন কেউ ব্যক্তিগত প্রশ্ন করার পর আপনাকে নিজের বাড়িতে চায়ের আমন্ত্রণ জানালেও অবাক হওয়ার কিছু নেই। অনেক সময় এই কৌতূহলের মধ্যেই প্রকাশ পায় ভারতীয়দের আন্তরিকতা ও আতিথেয়তা।


মাথা দোলানোর অর্থ সব সময় সম্মতি নয়

ভারতে কথা বলার সময় মানুষের মাথা দোলানোর একটি বিশেষ ভঙ্গি চোখে পড়বে। এটি প্রচলিত অর্থে মাথা নাড়ানো বা ঝাঁকানোর মতো নয়। বরং মাথা কিছুটা এদিক-ওদিক ও ওপর-নিচ করে দোলানো হয়। এই অঙ্গভঙ্গিকে বলা হয় ‘ইন্ডিয়ান হেড নড’। এর অর্থ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। কখনো এটি সম্মতি, কখনো কোনো কথা বুঝতে পারার ইঙ্গিত, আবার কখনো অনিশ্চয়তাও প্রকাশ করে।

তাই কেউ মাথা দোলালেই সেটিকে সরাসরি ‘হ্যাঁ’ মনে করা ঠিক হবে না। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় বিষয়টি পরিষ্কার করে নেওয়া ভালো।

কখনো কেউ সরাসরি ‘না’ বলতে অস্বস্তি বোধ করলেও এমন অঙ্গভঙ্গি করতে পারেন। বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা দেখানোর সামাজিক প্রবণতাও এ ধরনের আচরণের একটি কারণ হতে পারে।

প্রথমবার এই ভঙ্গি দেখে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। তবে, কিছুদিনের মধ্যেই এর ব্যবহার ও অর্থ বুঝতে পারবেন। এমনকি একসময় নিজের অজান্তেই আপনিও মাথা দোলাতে শুরু করতে পারেন।


বাড়ি বা উপাসনালয়ে প্রবেশের আগে জুতা খুলুন

ভারতের কোনো বাড়িতে প্রবেশের আগে দরজার কাছে রাখা জুতার দিকে খেয়াল করুন। সেখানে অন্যদের জুতা রাখা থাকলে আপনাকেও জুতা খুলে প্রবেশ করতে হতে পারে। বাড়ির ভেতরের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখার জন্য এই রীতি প্রচলিত। বাইরের ধুলাবালি ও ময়লা যেন ঘরের ভেতরে না যায়, সেটিও এর একটি উদ্দেশ্য।

ধর্মীয় উপাসনালয়ে এই নিয়ম আরও গুরুত্বপূর্ণ। বিশেষ করে হিন্দু মন্দিরে প্রবেশের আগে জুতা খুলে রাখতে হয়। অনেক মন্দিরে উপাসকরা মেঝেতে বসে প্রার্থনা করেন কিংবা প্রণাম করেন।

এ ছাড়া, ভারতের অনেক পরিবারে এখনো মেঝেতে বসে খাবার খাওয়ার প্রচলন রয়েছে। তাই ঘরের ভেতর পরিষ্কার রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ভ্রমণের সময় এমন জুতা ব্যবহার করা ভালো, যা সহজেই খোলা ও পরা যায়। এতে বাড়ি, মন্দির কিংবা অন্য কোনো উপাসনালয়ে প্রবেশের সময় অস্বস্তিতে পড়তে হবে না।


বাজারে দরদাম করাও কেনাকাটার অংশ

ভারতের বিভিন্ন রাস্তার বাজার ও ছোট দোকানে কেনাকাটা করতে গেলে দরদাম করার অভিজ্ঞতা হতে পারে। অনেক জায়গায় বিক্রেতার বলা দামই চূড়ান্ত নয়। ক্রেতা ও বিক্রেতার মধ্যে কিছুক্ষণ কথাবার্তা ও দরকষাকষির পর দাম ঠিক হয়।

এটি অনেক বাজারে কেনাকাটার স্বাভাবিক অংশ। ক্রেতা প্রথমে কম দাম প্রস্তাব করেন, বিক্রেতা নিজের চাওয়া দাম ধরে রাখেন। এরপর দুপক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে। কখনো ক্রেতা দোকান ছেড়ে চলে যাওয়ার ভান করেন, আবার বিক্রেতাও বিক্রি না করার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত মাঝামাঝি কোনো দামে সমঝোতা হয়।

এই দরকষাকষি শুধু দাম কমানোর বিষয় নয়, অনেক সময় এটি ক্রেতা-বিক্রেতার মধ্যে আনন্দদায়ক কথোপকথনেরও সুযোগ তৈরি করে। কেনাকাটার পর নিজের দেওয়া টাকার যথাযথ মূল্য পাওয়ার অনুভূতিও ক্রেতাদের আনন্দ দেয়।

দরদাম করতে চাইলে হাসিমুখে কথা শুরু করুন। বিক্রেতার চাওয়া দামের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ কম দাম প্রস্তাব করে আলোচনা শুরু করতে পারেন। এরপর ধীরে ধীরে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করুন। তবে, সব দোকানে দরদাম করার সুযোগ নেই। সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর ও নির্দিষ্ট দাম লেখা দোকানে সাধারণত দরকষাকষি চলে না।


ভদ্রতা ও সম্মান প্রকাশের বিশেষ রীতি

ভারতীয় সংস্কৃতিতে ভদ্রতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানোর বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। দৈনন্দিন কথাবার্তা থেকে শুরু করে সামাজিক আচরণেও এর প্রকাশ দেখা যায়।

এ প্রসঙ্গে লখনউয়ের দুটি অভিজাত ব্যক্তিকে নিয়ে একটি মজার গল্প প্রচলিত আছে। গল্প অনুযায়ী, তারা ট্রেনে ওঠার সময় একে অপরকে বারবার বলছিলেন, ‘পহেলে আপ’ অর্থাৎ আগে আপনি। কেউই আগে উঠতে রাজি হননি। শেষ পর্যন্ত ট্রেন তাদের রেখেই ছেড়ে যায়। গল্পটি সত্য না হলেও ভদ্রতার গুরুত্ব বোঝাতে বেশ পরিচিত।

হিন্দি ভাষায় কাউকে সম্বোধনের ক্ষেত্রেও সম্মান ও ঘনিষ্ঠতার পার্থক্য রয়েছে। যেমন, ‘আপ’ তুলনামূলক বেশি সম্মানসূচক সম্বোধন। অন্যদিকে ‘তুম’ সাধারণত পরিচিত বা ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারও নামের শেষে ‘জি’ যোগ করেও সম্মান প্রকাশ করা হয়। আবার পরিচিত বয়োজ্যেষ্ঠদের ‘আঙ্কেল’ বা ‘আন্টি’ বলে সম্বোধন করার প্রচলন রয়েছে। তারা আত্মীয় না হলেও স্নেহ ও সম্মান প্রকাশের জন্য এভাবে ডাকা হয়।

অভিবাদনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ রীতি। দুই হাতের তালু একসঙ্গে জোড়া করে ‘নমস্তে’ বললে সম্মান ও শুভেচ্ছা প্রকাশ পায়। এ ছাড়া, বয়োজ্যেষ্ঠ কাউকে আগে যাওয়ার সুযোগ দেওয়া কিংবা কথা বলার সময় বিনয়ী আচরণ করাও ভালো প্রভাব ফেলে।


ভারতের খাবারে অঞ্চলভেদে রয়েছে বৈচিত্র্য

বিদেশে ভারতীয় রেস্তোরাঁয় যেসব খাবার পাওয়া যায়, সেগুলোই ভারতের পুরো খাদ্যসংস্কৃতির পরিচয় নয়। দেশটির একেক অঞ্চলের খাবার, রান্নার ধরন ও স্বাদে রয়েছে ব্যাপক পার্থক্য।

দক্ষিণ ভারতের চেন্নাইয়ে সকালের নাশতায় থাকতে পারে নরম ভাপে তৈরি ইডলি, মুচমুচে দোসা ও নারকেলের চাটনি। সঙ্গে থাকে কড়া ফিল্টার কফি। অন্যদিকে, উত্তর ভারতের অমৃতসরে সকালের খাবারে পাওয়া যেতে পারে আলু বা পনিরের পুর দেওয়া মাখন মাখানো পরোটা। সঙ্গে থাকতে পারে মশলা চা।

অঞ্চলভেদে খাবারের স্বাদ ও উপকরণেও রয়েছে ভিন্নতা। কেরালার মালাবার উপকূলে দীর্ঘদিনের মশলা বাণিজ্যের প্রভাব স্থানীয় রান্নায় দেখা যায়। এখানকার খাবারে কালো গোলমরিচ, এলাচ ও লবঙ্গের ব্যবহার বেশ পরিচিত।

অন্যদিকে, পশ্চিম ভারতের গুজরাটে অনেক খাবারে সামান্য মিষ্টি স্বাদ পাওয়া যায়। ডালসহ বিভিন্ন পদে চিনি বা গুড় ব্যবহারের প্রচলন রয়েছে। স্থানীয় পানির নোনতা ভাবের সঙ্গে স্বাদের ভারসাম্য আনতে ঐতিহাসিকভাবে এ ধরনের উপকরণ ব্যবহার করা হতো।

ভারতীয় খাবার খাওয়ার ধরনও অনেক পর্যটকের কাছে নতুন মনে হতে পারে। রুটি, নান বা দোসার ছোট অংশ ছিঁড়ে তা দিয়ে ডাল, তরকারি কিংবা চাটনি তুলে খাওয়া হয়। ভাতের সঙ্গে ডাল ও তরকারি মিশিয়েও হাত দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে।

খাবারের সঙ্গে পাপড় ও আচারও পরিবেশন করা হয়। পাপড় খাবারে বাড়তি মুচমুচে ভাব যোগ করে, আচার স্বাদে আনে ভিন্নতা।

ভারতের অনেক অঞ্চলে হাত দিয়ে খাবার খাওয়া স্বাভাবিক বিষয়। তবে, এ ক্ষেত্রে ডান হাত ব্যবহারের প্রচলিত রীতিটি মনে রাখা ভালো।

প্রথমবার ভারত ভ্রমণে গেলে নতুন পরিবেশ ও সামাজিক রীতিনীতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। তবে, স্থানীয় মানুষের আচরণ ও সংস্কৃতি সম্পর্কে সামান্য ধারণা থাকলে সেই অভিজ্ঞতা অনেক সহজ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের প্রতিটি অঞ্চলের সংস্কৃতি এক নয়। তাই কোনো একটি এলাকার রীতিকে পুরো দেশের নিয়ম হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। স্থানীয় মানুষের আচরণ পর্যবেক্ষণ করুন, প্রয়োজন হলে জিজ্ঞেস করুন এবং তাদের সংস্কৃতির প্রতি সম্মান দেখান। তাহলেই ভারত ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার অভিজ্ঞতা হয়ে থাকবে না, হয়ে উঠবে নতুন মানুষ ও সংস্কৃতিকে জানার আনন্দময় সুযোগ।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারত  ভ্রমণ  ইন্ডিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: