স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল

সময়ের আলো ডেস্ক

ফিচার

শহরের অনেক বাসায় পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে না। তাই শখ থাকলেও অনেকে ঘরে ফুলগাছ লাগাতে আগ্রহ পান না। তবে

2026-11-29T14:25:39+00:00
2026-11-29T14:31:53+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ফিচার
স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ২:৩১ পিএম
এসব গাছ স্বল্প আলোতেই ফুল দেয়। ছবি : সংগৃহীত
এসব গাছ স্বল্প আলোতেই ফুল দেয়। ছবি : সংগৃহীত
শহরের অনেক বাসায় পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে না। তাই শখ থাকলেও অনেকে ঘরে ফুলগাছ লাগাতে আগ্রহ পান না। তবে এমন কিছু ফুলগাছ রয়েছে, যেগুলো সরাসরি সূর্যের আলো ছাড়াও বেড়ে উঠতে পারে। সঠিক পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ পেলে এসব গাছ ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সবুজের ছোঁয়াও এনে দেবে। 


জেরেনিয়াম

লাল ও গোলাপি রঙের আকর্ষণীয় ফুলের জন্য পরিচিত জেরেনিয়াম। এ গাছের ফুলে রয়েছে মৃদু মিষ্টি সুবাস। ঘরের ভেতরেও এটি রাখা যায়। সাধারণত শীতের মাঝামাঝি থেকে গরমের শুরু পর্যন্ত গাছে ফুল ফোটে। তবে, যথাযথ পরিচর্যা করলে গরমের সময়ও ফুল পাওয়া সম্ভব।

জেরেনিয়াম চাষের জন্য বেলে দো-আঁশ মাটি উপযোগী। মাটি তৈরিতে ৭০ শতাংশ বেলে দো-আঁশ মাটি, ২০ শতাংশ ভার্মিকম্পোস্ট বা এক বছর পুরোনো গোবর সার এবং ১০ শতাংশ পাতা পচা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে অল্প পরিমাণ হাড়ের গুঁড়াও দেওয়া যেতে পারে।


৬ থেকে ৮ ইঞ্চি টবে মাটি ভরে এক সপ্তাহ রেখে চারা রোপণ করতে হবে। গাছ কিছুটা বড় হলে এনপিকে ২০-২০-২০ সার প্রয়োগ করা যায়। প্রতি সপ্তাহে খৈল পচা পানি দিতে হবে। গাছের বৃদ্ধির সময় পাতার রং বিবর্ণ হয়ে গেলে এক লিটার পানিতে ২ থেকে ৩ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম সল্ট মিশিয়ে স্প্রে করা যেতে পারে। জেরেনিয়াম গাছের আয়ুষ্কাল ৩০ থেকে ৪০ বছর।


বার্ডস অব প্যারাডাইস

দৃষ্টিনন্দন ফুলের জন্য বার্ডস অব প্যারাডাইস বেশ পরিচিত। অনেকে একে স্বর্গের ফুলও বলে থাকেন। এ গাছে সাদা, লাল, নীল, হলুদ ও কমলাসহ বিভিন্ন রঙের ফুল ফোটে। কলাগাছের মতো দেখতে এর গাছ ৬ থেকে ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতার রং গাঢ় সবুজ। আন্তর্জাতিকভাবেও ফুলটি বেশ জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের আনুষ্ঠানিক ফুলের মর্যাদা পেয়েছে এটি।

গাছটির জন্য তুলনামূলক বড় টব প্রয়োজন। এ ক্ষেত্রে ১২ থেকে ১৬ ইঞ্চি গভীর টব বেছে নিতে হবে। পানি নিষ্কাশনের সুবিধার জন্য টবের নিচে ৪ থেকে ৫টি ছিদ্র রাখা জরুরি।

মাটি তৈরিতে এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ নদীর বেলে মাটি, এক ভাগ ভার্মিকম্পোস্ট ও এক ভাগ কোকোপিট মিশিয়ে নিতে হবে। এতে মাটির ভেতরে বাতাস চলাচল সহজ হয়। চারা রোপণের পর প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে।

বার্ডস অব প্যারাডাইসের জন্য সরাসরি সূর্যের আলো এড়িয়ে উজ্জ্বল আলো আসে এমন জায়গা বেছে নেওয়া ভালো। বাড়ির বারান্দা হতে পারে উপযুক্ত স্থান।

ভালো ফুল পেতে অর্গানিক সার ব্যবহার করা যেতে পারে। তা সম্ভব না হলে প্রতি ২০ দিন পরপর আধা চা চামচ ডিএপি, আধা চা চামচ পটাশ ও আধা চা চামচ এনপিকে ২-১-২ সার গাছের গোড়া থেকে কিছুটা দূরে প্রয়োগ করতে হবে। দুই দিন পরপর নিয়মিত পানি দিতে হবে। মাটির আর্দ্রতা কমে গেলে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে।


সিনেরেরিয়া

পূর্ণ ছায়ায় বেড়ে উঠতে পছন্দ করে সিনেরেরিয়া। বহুবর্ষজীবী এ বুনো ফুলগাছে সাদা, বেগুনি, নীলচে বেগুনি এবং সাদা-বেগুনি মিশ্র রঙের ফুল ফোটে। গাছটির উচ্চতা সাধারণত ২২ থেকে ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়।

ছোট চারা প্রথমে ৪ ইঞ্চি টবে রাখতে হবে। টবের নিচের ছিদ্র দিয়ে শিকড় বের হতে শুরু করলে ১০ ইঞ্চি টবে স্থানান্তর করতে হবে।

সিনেরেরিয়ার জন্য প্রাকৃতিক সারসমৃদ্ধ মাটি উপযোগী। এ জন্য ৫০ শতাংশ ভার্মিকম্পোস্ট ও ৫০ শতাংশ গার্ডেন সয়েল মিশিয়ে মাটি তৈরি করতে হবে। পুষ্টির চাহিদা পূরণে অল্প পরিমাণ এনপিকে সার দেওয়া যায়। চাইলে এক চামচ হাড়ের গুঁড়া, এক চামচ শিং কুচি ও এক চামচ শুকনো কলার খোসার গুঁড়াও মাটিতে মেশানো যেতে পারে।


চারা টবে লাগানোর পর গাছের চারপাশে পানি দিতে হবে। পরিচর্যার ক্ষেত্রে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাতে ৪ থেকে ৫ ঘণ্টা বৈদ্যুতিক বাতির আলোয় রাখলে গাছের বৃদ্ধিতে সহায়তা করতে পারে।

সিনেরেরিয়া গাছে সাধারণত কীটপতঙ্গের আক্রমণ কম হয়। তবে, ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে। এ সমস্যা প্রতিরোধে এক লিটার পানিতে ২ গ্রাম সাফ পাউডার মিশিয়ে দিনের বেলা স্প্রে করা যায়। এক সপ্তাহ পর এক লিটার পানিতে ১ গ্রাম প্ল্যান্টোমাইসিন মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, ১৫ দিন পরপর এক লিটার পানিতে ১ মিলিলিটার মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ মিশিয়ে স্প্রে করলে গাছের বৃদ্ধি ও ফুল আসায় সহায়তা হতে পারে।


ভ্রেসিয়া ক্যারিনাটা

ভ্রেসিয়া ক্যারিনাটা ফ্লেমিং সোর্ড নামেও পরিচিত। এটি একধরনের বুনো উদ্ভিদ, যা সাধারণত রেইনফরেস্ট এলাকায় জন্মে। দেখতে আকর্ষণীয় হওয়ায় অনেক সময় একে কৃত্রিম গাছ বলেও মনে হতে পারে।

এ গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো, জীবদ্দশায় একবারই ফুল ফোটে। ফুল আসার পর মূল গাছটি মারা যায়। তবে ফুলের মধ্যে থাকা বীজ সংগ্রহ করে নতুন গাছ জন্মানো সম্ভব। সরাসরি সূর্যের আলো ছাড়াও এটি বেড়ে উঠতে পারে। ৮ থেকে ১০ ইঞ্চি টব এ গাছের জন্য উপযুক্ত।


মাটি তৈরিতে ৫০ শতাংশ গার্ডেন সয়েল ও ৫০ শতাংশ ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে অল্প পরিমাণ শিংয়ের গুঁড়া, হাড়ের গুঁড়া ও শুকনো কলার খোসা মেশানো যেতে পারে।

প্রথমে ৪ ইঞ্চির মাটির পাত্রে বীজ রোপণ করতে হবে। চারা বড় হলে ৮ থেকে ১০ ইঞ্চি টবে স্থানান্তর করতে হবে।

গাছের মাটির আর্দ্রতা বুঝে পানি দিতে হবে। তবে গোড়ায় যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত পানি জমলে গোড়া পচে গাছ মারা যেতে পারে। বংশবিস্তার অব্যাহত রাখতে ফুল থেকে বীজ সংগ্রহ করতে হবে। কম আলোতেও টিকে থাকতে পারে বলে ঘরের বিভিন্ন স্থানে এ গাছ রাখা যায়।


অ্যান্টিরিনাম বা স্ন্যাপড্রাগন

অ্যান্টিরিনাম, যা স্ন্যাপড্রাগন নামেও পরিচিত, বিভিন্ন রঙের ফুলের জন্য জনপ্রিয়। এ গাছে হলুদ, কমলা, লাল, মেরুন ও সাদা ফুল ফোটে। এর দুটি ধরন রয়েছে। একটি ঝোপালো, অন্যটি লম্বাটে। উদ্ভিদটির ঔষধি ব্যবহারও রয়েছে। কোলাইটিস ও অর্শরোগের চিকিৎসায় এটি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

চারা রোপণের ক্ষেত্রে প্রথমে ২ থেকে ৩ ইঞ্চির মাটির পাত্র ব্যবহার করতে হবে। এরপর ধীরে ধীরে ৬ ইঞ্চি এবং পূর্ণবয়স্ক গাছের জন্য ৮ থেকে ১০ ইঞ্চি টব নির্বাচন করা উচিত।


ছোট চারার জন্য সমপরিমাণ গার্ডেন সয়েল, ভার্মিকম্পোস্ট ও কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করা যায়। বিকল্প হিসেবে ৬০ শতাংশ গার্ডেন সয়েল ও ৪০ শতাংশ ভার্মিকম্পোস্টও ব্যবহার করা সম্ভব। চারার দ্রুত বৃদ্ধির জন্য এনপিকে ২০-২০-২০ সার স্প্রে করা যেতে পারে।

গাছ বড় হলে চূড়ান্ত টবের জন্য ৪০ শতাংশ গার্ডেন সয়েল, ৪০ শতাংশ ভার্মিকম্পোস্ট, ১০ শতাংশ নদীর বালি ও ১০ শতাংশ কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করতে হবে। কোকোপিট মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

গাছের পরিচর্যায় প্রতি ১৫ দিন পরপর এনপিকে ২০-২০-২০ অথবা ১৯-১৯-১৯ সার স্প্রে করতে হবে। মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফুল ফোটায় সহায়তা পাওয়া যায়। মাটির আর্দ্রতা বুঝে পরিমিত পানি দিতে হবে। পাশাপাশি অতিরিক্ত পানি বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সূত্র : আদিপ্রাণ

সময়ের আলো/মহু
  বিষয়:   ফুল  স্বল্প আলো  গাছ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: