প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবিবিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদ্ধতি গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ায় ঋণগ্রহীতা ও ব্যাংকের মধ্যে মধ্যস্থতা করবে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। প্রথম ধাপে এ জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো বিএআইসি, হুদু সলিউশনস, লবিং অ্যান্ড দ্য ল কোম্পানি এবং মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কোম্পানি। এসব প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে মামলা করার আগে সমঝোতার চেষ্টা করবে। মধ্যস্থতা সফল না হলে উভয় পক্ষের সম্মতিতে সালিশি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। ওই সময় ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।
প্রতিবেদনের তথ্য বলছে, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
তবে গত বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণ কিছুটা কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। তখন বিতরণ করা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ ছিল খেলাপি।
এদিকে, টাকার অঙ্কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। তবে ঋণের শতকরা হারের হিসাবে শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো।
সময়ের আলো/ইউএমএইচ