
মাদারীপুরের টেকেরহাটে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের। ছবি : সংগৃহীত
মাদারীপুরের টেকেরহাটে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের। ছবি : সংগৃহীতগন্তব্য খুলনা। কিন্তু গোপালগঞ্জ শহর পেরোনোর আগেই থমকে যেতে হলো সুমন তালুকদারকে। সামনে সড়কের ওপর ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি। বন্ধ যান চলাচল। কখন সড়ক খুলবে, সেই অপেক্ষায় বসে থাকারও উপায় নেই। শেষ পর্যন্ত যানবাহনের আশা ছেড়ে হেঁটেই খুলনার পথে রওনা হন তিনি। শুধু সুমন নন, তার মতো হাজারো যাত্রীকে রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন সড়কে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন রোববার গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করা হয়। এতে ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল। সড়কে আটকে পড়েন অসংখ্য যাত্রী ও পরিবহন শ্রমিক।
রোববার সকাল থেকেই লকডাউনের প্রভাবে গোপালগঞ্জের জনজীবনে স্থবিরতা দেখা দেয়। শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল প্রায় বন্ধ। অলিগলিতে সীমিতসংখ্যক রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেলেও দূরপাল্লার যানবাহনের দেখা মেলেনি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে ওঠেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। লগি-বৈঠা নিয়ে মিছিল ও বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কোথাও ক্রিকেট খেলতে, আবার কোথাও সাউন্ড সিস্টেমে ‘বঙ্গবন্ধু’র ভাষণ ও গান বাজাতে দেখা যায় তাদের।
এদিকে মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে বেলা ১১টার দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের ভেতর থেকে মালামাল বের করে আগুন দেওয়া হয়।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শহরের সাত মার্চ এলাকায় পুলিশের একটি যৌথ টহল দল পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে সেখান থেকে ফিরে যায় টহল দলটি।
পরে দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিজিবি, আনসার ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার নিরাপত্তায় ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময়ের আলো/জেডি