খেলাপি ঋণ আদায়ের মধ্যস্থতায় পাঁচ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে ঋণদাতা ব্যাংক

2026-11-29T22:57:04+00:00
2026-11-29T22:57:04+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজনেস
খেলাপি ঋণ আদায়ের মধ্যস্থতায় পাঁচ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম 
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে ঋণদাতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ঋণগ্রহীতার মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করবে তালিকাভুক্ত বিশেষায়িত প্রতিষ্ঠান। এ জন্য প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে এসব প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। একই দিন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো— বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অলটারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস, হুধহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এবং মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালট্যান্সি লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২৩টি আবেদন থেকে পাঁচ প্রতিষ্ঠান : বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ২০ আগস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির নীতিমালা-২০২৬ জারি করা হয়। পরে ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

এর পরিপ্রেক্ষিতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই এবং নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী মূল্যায়ন করে। এতে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মেয়াদ থাকবে আগামী তিন বছর। তবে কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দেওয়া বা তালিকাভুক্তি স্থগিত করা না হলে এ মেয়াদ কার্যকর থাকবে।

মামলা হওয়ার আগেও মিলবে বিরোধ নিষ্পত্তির সুযোগ : বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকবে মামলার আগেও। পাশাপাশি অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে।

এ ব্যবস্থায় ঋণগ্রহীতা, ঋণদাতা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্ত অনুসরণ করতে হবে। অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা ও লিখিত সম্মতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ পদ্ধতির ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত হবে।

শর্ত ভাঙলে তালিকা থেকে বাদ পড়বে প্রতিষ্ঠান : মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হলেই কোনো প্রতিষ্ঠান তিন বছর নির্বিঘ্নে কাজ করতে পারবে এমন নিশ্চয়তা নেই। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু শর্ত ও তদারকির বিষয় উল্লেখ করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী তালিকাভুক্ত কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নীতিমালায় উল্লেখিত শর্ত বা নির্দেশনা পালনে ব্যর্থ হলে কিংবা অন্য কোনো যুক্তিসংগত কারণে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় ওই প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত অথবা বাতিল করতে পারবে। এ ছাড়া তালিকাভুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৯০ দিন আগে নবায়নের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত রিপোর্টিং ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে বার্ষিক প্রতিবেদনও জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আগে জারি করা এবং ভবিষ্যতে জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।


দ্বিতীয় পর্যায়ে আরও প্রতিষ্ঠান যুক্ত হবে : প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করলেও এ কার্যক্রম এখানেই সীমাবদ্ধ রাখছে না বাংলাদেশ ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যস্থতা কার্যক্রমের পরিসর বাড়ানো এবং তালিকায় অধিকসংখ্যক যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শিগগিরই আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতের বাইরে একটি বিকল্প প্রক্রিয়া চালুর সুযোগ তৈরি হলো। তবে এ ব্যবস্থায় কতটা ঋণ আদায় হবে এবং ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে এটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা নির্ভর করবে মধ্যস্থতা প্রক্রিয়ার বাস্তব প্রয়োগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণের ওপর।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   খেলাপি ঋণ  আদায়  মধ্যস্থতা  পাঁচ প্রতিষ্ঠান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: