প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। ছবি : সংগৃহীতপুঁজিবাজারে বিনিয়োগ করে আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অবদান রাখার সুযোগ তৈরি করছে অরেঞ্জ বন্ড। তবে এ ধরনের বন্ড থেকে সংগৃহীত অর্থ ঘোষিত উদ্দেশ্যে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত প্রভাবের স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে। একই সঙ্গে দেশের বন্ডবাজার সম্প্রসারণে থিমেটিক বন্ডের লেনদেন বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ বন্ড’-এর রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেন, অরেঞ্জ বন্ডের উদ্দেশ্য শুধু আর্থিক মুনাফা নয়; সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা। তবে বন্ডের অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যয় এবং সামাজিক উন্নয়নের নামে অতিরঞ্জিত দাবি বা গ্রিনওয়াশিংয়ের ঝুঁকি রয়েছে। এ জন্য অর্থের ব্যবহার ও প্রকৃত অর্জন সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতে হবে। দেশের কর্মশক্তির প্রায় ৫০ শতাংশ নারী। তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।
মাসুদ খান জানান, দেশের বন্ডবাজার এখনও সীমিত। নতুন থিমেটিক বন্ডগুলো মূল বোর্ডে লেনদেনের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাজেদা অরেঞ্জ বন্ডের কুপন হার ১০ শতাংশ। ভবিষ্যতে ব্র্যাকের ১ হাজার কোটি টাকার বন্ডসহ আরও থিমেটিক বন্ড মূল বোর্ডে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া এসএমই বোর্ডে বিনিয়োগকারীদের ন্যূনতম পোর্টফোলিওর শর্ত ৩০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. নাজনীন বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে বন্ডবাজার গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। ২০২৯ সালে এলডিসি উত্তরণের পর রফতানি প্রতিযোগিতা মোকাবিলায় উৎপাদনশীলতা, দক্ষতা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। এ ক্ষেত্রে থিমেটিক বন্ড কার্যকর ভূমিকা রাখতে পারে।
অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, বাংলাদেশের জলবায়ু অভিযোজনে বছরে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। বর্তমানে অর্থায়ন হচ্ছে ৪ বিলিয়ন ডলার। ফলে ঘাটতি প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার। থিমেটিক বন্ডের অর্থ যেন জলবায়ু ঝুঁকিতে থাকা নারী ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঋণ পরিশোধেও নমনীয়তা প্রয়োজন।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ডিএসই, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি