
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে বিকল্প উৎস তৈরি এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর আওতায় চাল, গম, চিনি, ভোজ্য তেল, ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রফতানির সুযোগ তৈরি হয়েছে। তবে কোন পণ্য কী পরিমাণে এবং কী দামে কেনাবেচা হবে, তা নির্ধারিত হবে পৃথক চুক্তির মাধ্যমে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, সয়াবিন, সূর্যমুখী, ক্যানোলা ও পাম তেল ছাড়াও আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সার আমদানি-রফতানির সুযোগ থাকবে।
চুক্তি অনুযায়ী, কোনো পক্ষ পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ ও সরবরাহের সময় উল্লেখ করে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর আলোচনা ও দরকষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি সম্পন্ন হবে। অর্থাৎ সমঝোতা স্বাক্ষরের ফলে তাৎক্ষণিকভাবে আমদানি শুরু হচ্ছে না।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, এ উদ্যোগ দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তুলবে এবং খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্যে সহযোগিতার সুযোগ বাড়াবে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুদ রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে তার দেশ প্রস্তুত। তিনি আরও জানান, বাংলাদেশি হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে পাকিস্তান এবং বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে।
টিসিবি চেয়ারম্যান বলেন, সমঝোতাকে বাস্তব বাণিজ্যিক কার্যক্রমে রূপ দিতে পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান কাজ করবে।
সমঝোতাটি পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিল না করলে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে তিন মাস আগে লিখিত নোটিস দিয়ে যেকোনো পক্ষ এটি বাতিল করতে পারবে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট বা প্রচলিত আমদানি উৎসে অনিশ্চয়তা দেখা দিলে পাকিস্তান বিকল্প উৎস হতে পারে। তবে দেশের নিত্যপণ্যের বাজারে এ উদ্যোগের ইতিবাচক প্রভাব কতটা পড়বে তা নির্ভর করবে আমদানি ব্যয়, পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার ওপর।
সময়ের আলো/প্রিন্ট/জেডি