প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিনিয়োগের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বাজেট বরাদ্দকে কর্মসংস্থানমুখী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-২ সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি কেবল একটি সংখ্যাগত লক্ষ্য নয়, বরং দেশের কর্মসংস্থান পরিস্থিতিতে পরিবর্তন আনার প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে চারটি বিষয় বিবেচনা করতে হবে। এগুলো হলো অর্থের সঠিক ব্যবহার, বিনিয়োগের বিপরীতে মুনাফা, কর্মসংস্থানের সুযোগ এবং পরিবেশগত প্রভাব।
পরিকল্পনা বাস্তবায়নে শুধু সরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। তার মতে, প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করে আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে।
দেশের অর্থনীতি এখনও পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য উচ্চমূল্যে আমদানির কারণে সরকারি কোষাগারে চাপ তৈরি হয়েছে। ফলে আরও কিছু দিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনার প্রথম বছরকে সবচেয়ে কঠিন বলে উল্লেখ করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় বছরেও চ্যালেঞ্জ থাকবে। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হবে। তখন পুনরুদ্ধারের অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না।
ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। আমানতকারীরা সুদসহ তাদের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন, কোনো অর্থ কেটে রাখা হবে না। নিট আমানত বৃদ্ধিকে তিনি আস্থা ফেরার ইতিবাচক লক্ষণ হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংস্কার ও নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিশ্চিতের কথা বলেন তিনি। উন্নয়ন প্রকল্পের প্রকৃত সুফল যাচাইয়ে পৃথক মূল্যায়ন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রভাবমুক্তভাবে সঠিক তথ্য প্রকাশের নির্দেশনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।
সময়ের আলো/প্রিন্ট/জেডি