মার্চে বন্ধ হবে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও বাড়তি দামের ঝুঁকি এড়াতে আগামী বছরের মার্চের পর স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা

2026-11-29T23:22:55+00:00
2026-11-29T23:22:55+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজনেস
রাশেদ আল মাহমুদ তিতুমীর
মার্চে বন্ধ হবে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম 
রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : সংগৃহীত
রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও বাড়তি দামের ঝুঁকি এড়াতে আগামী বছরের মার্চের পর স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা বন্ধের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি আমদানি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আনার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। এ জন্য দেশের বিভিন্ন স্থানে আমদানি, সংরক্ষণ ও সরবরাহ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত জ্বালানি সংকট বিষয়ক এক সংলাপে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ এলপিজি উদ্বৃত্ত রয়েছে। ছোট জাহাজের পরিবর্তে ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) ব্যবহার করে বড় পরিসরে আমদানি করা গেলে পরিবহন খরচ কমবে। এ বিষয়ে সরকার কাজ করছে।

উপদেষ্টা জানান, এলপিজি আমদানি ও সরবরাহব্যবস্থা উন্নত করতে মহেশখালী, মাতারবাড়ী ও মোংলায় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাগেরহাট ও এলেঙ্গায় সংরক্ষণ এবং বোতলজাতকরণ সুবিধা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।


এলএনজি আমদানির বিষয়ে তিনি বলেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও আগের সরকারের অপর্যাপ্ত প্রস্তুতির কারণে বাংলাদেশ প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিল করতে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে সরবরাহ ঘাটতি মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস কিনতে হয়েছে। এ পরিস্থিতি এড়াতে মার্চের পর স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার পরিকল্পনা রয়েছে। বিকল্প হিসেবে হেনরি হাব-সংযুক্ত মূল্য নির্ধারণ পদ্ধতিও বিবেচনা করা হচ্ছে।

গত ২৪ নভেম্বর দেশে দৈনিক গ্যাসের চাহিদা ছিল প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ ছিল ২ হাজার ৬৫৭ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎপাদন ১ হাজার ৬০৫ এবং আমদানিকৃত এলএনজি ১ হাজার ৫২ মিলিয়ন ঘনফুট।

আমদানিনির্ভরতা কমাতে সরকার প্রথম পর্যায়ে ১৫০টি এবং ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এ ছাড়া ২৬টি সমুদ্র ব্লকে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ।

মহেশখালীর কুতুবজোমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং ২০৩০ সালের মধ্যে ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের উদ্যোগও রয়েছে।

উপদেষ্টা জানান, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার মাধ্যমে আমদানিনির্ভরতা কমানো হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   মার্চ  স্পট মার্কেট  এলএনজি ক্রয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: