
২০১৯ সালে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী তৈরি করেছিলেন মানব রোবট ‘সিনা’। মাত্র ৩৭ হাজার টাকায় তৈরি রোবট সিনার পর এবার কুবি শিক্ষার্থীরা তৈরি করলেন আরেক মানব সদৃশ রোবট ‘ব্লুবেরি’। নতুন এই রোবটটি কথা বলার পাশাপাশি অগ্নিকাণ্ডে সতর্ক করবে। এ ছাড়া করোনার নমুনা পরীক্ষা, প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের নতুন নতুন শিক্ষা দিতে কাজ করবে। গায়ের রঙ ব্লু ও রোবটটিতে র্যাস্পবেরি পাই ব্যবহার করার ফলে নামকরণ করা হয়েছে ‘ব্লুবেরি’। এক লাখ টাকা ব্যয়ে তিন মাসে রোবটটি তৈরি করা হয়।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) অর্থায়নে এবং বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী আবু মুসা আসআরীর সহযোগিতায় রোবটটি তৈরি করা হয়েছে। রোবটটি তৈরি করেছেন বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল, ১৩তম ব্যাচের শিক্ষার্থী মিষ্টু পাল এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস বিভাগের ১৩তম ব্যাচের জুয়েল নাথ। এই তিন তরুণ প্রযুক্তিবিদের টিম ‘কোয়ান্টা রোবটিক্স’ এ রোবট তৈরি করেন।
‘কোয়ান্টা রোবটিক্স’ টিমের সদস্যরা জানান, মানবাকৃতির এই রোবটটিকে তৈরিতে ব্যবহার করা হয়েছে র্যাস্পবেরি পাই মাইক্রো প্রসেসর এবং আর্দুইনো মেগা মাইক্রো কন্ট্রোলার। রোবটটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে, শুধু তাই নয় এর মধ্যে এমন কিছু সেন্সর রয়েছে যা বিভিন্ন ধরনের সিগন্যাল দেবে। কোনোভাবে যদি বাসায় গ্যাস লিকেজ হয় বা আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে ব্লুবেরি সতর্ক বার্তা দেবে। চাইলেই ব্লুবেরিকে দিয়ে করোনার স্যাম্পল কালেকশনের কাজ করানো যাবে। ভবিষ্যতে রোবটটিকে আরও উন্নত করা সম্ভব, এটাকে চাইলে প্রায় প্রত্যেক দিনই আপডেট করা যাবে।
ব্লুবেরি রোবট তৈরির অন্যতম সদস্য সঞ্জিত মণ্ডল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আসলে সত্যি বলতে অনুভূতিটা অনেক দারুনÑ কারণ নিজের বানানো কোনো একটা জিনিস দেখতে খুব ভালো লাগে। ছোটবেলা থেকে অনেক প্রজেক্ট করেছিÑ ইলেকট্রনিক্স প্রজেক্ট বা বিভিন্ন সায়েন্স প্রজেক্ট। নাসা স্পেইস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮-এর রিজিওনাল চ্যাম্পিয়ন সঞ্জিত মণ্ডল আরও বলেন, ছোটবেলা থেকেই ইনোভেশন টাইপের সব কাজ করতে তার খুব ভালো লাগে। রাত-দিন সব কিছু বাদ দিয়ে পরিশ্রম করে একটা জিনিসকে পূর্ণতা দেওয়ার মধ্যে আনন্দটাই অন্যরকম যা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না।