ভুটানে মোরসালিনদের জয়োৎসব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সুবাতাস বইছে দেশের ক্রীড়াঙ্গনে। সপ্তাহখানেক আগে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা উৎসব করেছিল বাংলাদেশের যুবারা। দিন তিনেক আগে দুই ম্যাচের

2024-09-06T01:32:17+00:00
2024-09-06T01:32:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলাধুলা
ভুটানে মোরসালিনদের জয়োৎসব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩২ এএম 
ভুটানে মোরসালিনদের জয়োৎসব
সুবাতাস বইছে দেশের ক্রীড়াঙ্গনে। সপ্তাহখানেক আগে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা উৎসব করেছিল বাংলাদেশের যুবারা। দিন তিনেক আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে তাদেরই ধবলধোলাই করেছে নাজমুল হাসান শান্তের দল। এবার শেখ মোরসালিনের জয়সূচক একমাত্র গোলে ভুটানকে হারিয়ে সেই যাত্রা অব্যাহত রাখল তপু বর্মণের দল।

আট বছর আগে স্বাগতিক ভুটানের কাছে হেরে এক ট্র্যাজেডির জন্ম দিয়েছিল বাংলাদেশ। দুই বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে পারেনি। এবারও সেই শঙ্কা ছিল। কেননা তিন মাস বিরতির পর খেলতে নেমেছে বাংলাদেশ। তার ওপর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো রয়েছেই। এমন ম্যাচে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই একাদশ সাজান হ্যাভিয়ের ক্যাবরেরা। তার বদলে লাল-সবুজের জার্সি জড়ান চোট কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ সোহেল রানা। তা ছাড়া শুরুর একাদশে ফয়সাল আহমেদ ফাহিম ও ডিফেন্ডার বিশ^নাথ ঘোষও ছিলেন। শক্তিশালী দল নিয়েই প্রত্যাশিত শুরু পায় বাংলাদেশ। শুরুর ৫ মিনিটের মাথায় শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের করা ক্রস পোস্ট ছেড়ে বেরিয়ে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি নেপালের গোলরক্ষক শেরিং ডেন্ডুপ। বলের সামনে থাকা মোরসালিন প্রথম চেষ্টায় লক্ষ্যভেদ করতে গিয়ে পারেননি। কিন্তু দ্বিতীয় চেষ্টায় ডান পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন তিনি। যেটি তরুণ এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চম গোল। এর আগে গত সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও ভুটানের গোল পেয়েছিলেন মোরসালিন। এগিয়ে যাওয়ার খানিকবাদে ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিজেদের অর্ধ সামলাতে গিয়ে স্বাগতিকদের চাপে পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতা টানতে চেষ্টা চালায় ভুটান। ১৮ মিনিটে নিমা ওয়াংদির দুর্দান্ত একটি শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। পরের মিনিটে দুর্দান্ত হেড করেও অল্পের জন্য গোল পাননি ইয়েশিয়ে গেইলশেন। এরপর দুই দলের কেউই বড় কোনো আক্রমণ শানাতে পারেনি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে সাফ জয়ী যুবা সদস্য রাব্বি হোসেন রাহুলের অভিষেক করান ক্যাবরেরা। এর কিছুক্ষণ বদলি হিসেবে মাঠে নামেন জামালও। কিন্তু কোনোভাবেই সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৮৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। বাংলাদেশের জালের কাছে পা ছোঁয়াতে ব্যর্থ হন পেমা ধেনধুপ। শেষতক আর কোনো গোল না হলে কষ্টার্জিত জয় দিয়ে ভুটান সফরে শুভসূচনা করেছে ক্যাবরেরার শিষ্যরা।

দারুণ জয় দিয়ে সফর শুরু হলেও প্রথম ম্যাচেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অস্বস্তি দেখা গেছে। প্রথমার্ধেও যোগ করা সময়ে ফরোয়ার্ড রাকিব তো টার্ফে শুয়ে পড়েছিলেন। যে কারণে পরের ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে। ম্যাচ শেষে সেটিই জানিয়েছেন ক্যাবরেরা, ‘রাকিব চোট পেয়েছে, আমি নিশ্চিত নই, যথাসময়ের মধ্যে সে সেরে উঠতে পারবে কি না। খুব সম্ভবত আমাদের (দ্বিতীয় প্রীতি ম্যাচের দলে) পরিবর্তন আনতে হবে। সে ক্ষেত্রে আজকের ম্যাচের চেয়ে সেটি আমাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে।’ তিন মাস পরে মাঠে ফিরেই জয় পেয়েছে বাংলাদেশ। যেটিকে বেশ ইতিবাচক হিসেবে দেখে ক্যাবরেরা যোগ করেন, ‘অবশ্যই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটিই মূল লক্ষ্য নয়। ছেলেরা তিন মাস পর খেলায় ফিরেছে। পরের বছরে যে খেলাগুলো আছে, তার জন্য প্রস্তুতি শুরু করেছে। অবশ্যই আমরা জিততে চেয়েছি, এটি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই এই ফলে খুশি আমি।’


সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: