চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর বসবে পাকিস্তানে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া ওই আসরে অংশগ্রহণ করতে পাকিস্তান সফর করবে না ভারত, এই সিদ্ধান্তের কথা আইসিসিকেও জানিয়ে দিয়েছে তারা। তাদের দাবি, হাইব্রিড মডেল তথা ভারতের ম্যাচগুলো যেন সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দেশটির কিছু গণমাধ্যমের দাবি, ভারতকে ছাড়াই আসর আয়োজনের কথা ভাবছে পিসিবি। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্টে না খেলার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে সোমবার পাকিস্তানে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছে আইসিসি। যেখানে মিনি বিশ্বকাপ খ্যাত মেগা ইভেন্টটির সূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু ভারতের তীব্র আপত্তির মুখে সূচি নিয়ে কোনো পরিকল্পনা সাজাতে পারেনি পাকিস্তান। উল্টো নতুন করে তৈরি জটিলতা নিয়ে চিন্তিত দেশটি। জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে মেইল বরাতে জানিয়েছিল বিসিসিআই। পরে আইসিসি সেটি অবহিত করেছে পিসিবিকে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এবার কঠোর হতে যাচ্ছে পাকিস্তান। ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তের কথা আইসিসির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা ভাবছে মহসিন নাকভির বোর্ড।
এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন জানিয়েছেন, ‘কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে।’
অর্থাৎ ভারতকে বেকায়দায় ফেলতে সবরকম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সময়ের আলো/জেডআই