ভারতের আপত্তি ও নানা টালবাহানায় চ্যাম্পিয়ন্স ট্রফি শেষতক পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় কাটেনি। তবে আসছে বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া বৈশ্বিক আসরটি ঘিরে ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়ে গেছে। সংশয়-অনিশ্চয়তার মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক অফিসিয়াল ট্যুর শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
বাংলাদেশেও আসবে ট্রফিটি। শুক্রবার ট্রফিটি পৌঁছেছে আয়োজক দেশ পাকিস্তানে। ২৪ নভেম্বর পর্যন্ত ওই দেশটিতেই থাকবে ট্রফিটি। বর্তমানে ইসলামাবাদে থাকা ট্রফিটি একেক করে মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই শহরগুলোর কোনো স্টেডিয়াম সম্ভাব্য ভেন্যুর তালিকায় নেই। তবু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাওয়ায় সেখানে ট্রফি ট্যুরের নেপথ্য কারণ শহরগুলোকে পর্যটনমুখী করা।
আনুষ্ঠানিক ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও আসবে ট্রফি। জানা গেছে, ১০ থেকে ১৩ ডিসেম্বর ট্রফিটির প্রদর্শনী হবে বাংলাদেশে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতে ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
সময়ের আলো/আরএস/