বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা ভাবা হয় আকবর আলীকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। তার নেতৃত্বে দল বিশ্বকাপ জিতলেও এখনও জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে হয়ে উঠেছেন ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার।
এবার তিনি বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় লিগে। চলমান জাতীয় লিগের (এনসিএল) মাঝে শৃঙ্খলাভঙ্গ করে পরবর্তী দুই ম্যাচের জন্য তিনি নিষিদ্ধ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে, রাজশাহীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালে ফিল্ডিংরত অবস্থায় আম্পায়ারের সঙ্গে বাকবিতাণ্ড হয় আকবরের। পরে ব্যাটিংয়ের সময় তাকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুড়ে চেয়ার ভেঙে ফেলেন তিনি। এর মাধ্যমে তিনি আচরণবিধির লেভেল-২ ভঙ্গ করেছেন। তাই তাকে পরবর্তী দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
ওই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। এতে আজ থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে এবং পরে খুলনার বিপক্ষেও খেলা হবে না রংপুর বিভাগের অধিনায়ক আকবরের।
এনসিএলের এখনও পর্যন্ত ৫টি রাউন্ড সম্পন্ন হয়েছে। বাকি আছে ২ রাউন্ড। ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে এনসিএলের এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না আকবর আলীর।