নগরীর পাঁচলাইশ মডেল থানার পেছনে পাসপোর্ট অফিসের সামনে কোতোয়ালি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিনকে আটক করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় আশপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ লোকজন এসে জড়ো হন।
থানার সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পুলিশ নিজাম উদ্দিনকে উদ্ধার করে থানার ভেতরে নিরাপদ স্থানে নিয়ে রাখে। সাবেক ওসিকে পিটুনির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পুলিশ কর্মকর্তার শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার এক পর্যায়ে তিনি মারধরের শিকার হন। থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, সাবেক ওসি নিজাম উদ্দিনকে মারধর করা হয়েছে। খবর পেয়েই পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানার ভেতরে নিয়ে আসে। তিনি পুলিশের হেফাজতে আছেন।
সিএমপি সূত্র জানায়, নেজাম উদ্দিন সিএমপির কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।
স্থানীয়রা জানান, সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ব্যক্তিগত গাড়িতে পাঁচলাইশ থানার পেছনে পাসপোর্ট অফিসের সামনে আসেন নেজাম উদ্দিন। তাকে চিনতে পেরে ছুটে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তার কলার ধরে টানাটানি করেন। শার্টও ছিড়ে যায়। পরে পুলিশ এসে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যাওয়ার পর কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, সাবেক সরকারের আমলে ওসি নেজাম উদ্দিন বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছেন। নগরীর বিভিন্ন স্থানে সভা সমাবেশে তিনি বাধা দিয়েছেন। বেধড়ক পিটিয়েছেন কর্মীদের। এজন্য তার বিরুদ্ধে নেতাকর্মীদের ক্ষোভ আছে। তাকে গ্রেফতার করা উচিত বলেও কর্মীরা জানান।
সময়ের আলো/আরআই