খুলনায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্দেশনায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন এমডি মো. শহিদুল ইসলাম।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির আওতায় খুলনায় অবস্থিত বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বুধবার শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে প্রতিষ্ঠানটি। যাতে শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ কিছুটা স্বস্তি লাভ করতে পারে।
শীতবস্ত্র বিতরণকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, সমাজে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত অসহায়, দরিদ্র ও দুস্থদের মৌলিক চাহিদা পূরণে তাদের পাশে এসে দাঁড়ানো। বিগত সপ্তাহে শৈত্য প্রবাহের জন্য অসহায় মানুষ শীত কষ্টে মানবতার জীবনযাপন করছে। তাদের কষ্ট লাগবে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির জিএম মো. মোসলেম উদ্দিন, মো. এনামুল হক, মো. আরিফুর রহমান, মো. মোখলেছুর রহমান, সিবিএ সভাপতি মো. শাহজাহান প্রমুখ।
সিবিএর সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, মঙ্গলবার রাতেও খুলনা রেল স্টেশন, নিউ মার্কেট এলাকা, খালিশপুর নতুন রাস্তা, দৌলতপুর রেল স্টেশন, ফুলতলা রেল স্টেশন, নোয়াপাড়া রেল স্টেশনসহ (যশোর) খুলনা জেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এফআর