পৌষ সংক্রান্তি ঘিরে জমেছে মাছের মেলা

সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার

সারাদেশ

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে রোববার সন্ধ্যা থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী দেশি মাছের মেলা। নানা জাতের বড়

2025-01-14T01:27:58+00:00
2025-01-14T01:27:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পৌষ সংক্রান্তি ঘিরে জমেছে মাছের মেলা
সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:২৭ এএম 
পৌষ সংক্রান্তি ঘিরে জমেছে মাছের মেলা
পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে রোববার সন্ধ্যা থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী দেশি মাছের মেলা। নানা জাতের বড় বড় মাছের দুই শতাধিক দোকান নিয়ে বসেছেন বিক্রেতারা। ঐতিহ্যবাহী এই মেলা এখন এলাকার অন্যতম উৎসবে পরিণত হয়েছে। মেলায় বেচাকেনা হয় কয়েক কোটি টাকার দেশি মাছ।

কুশিয়ারা নদীর পাড় এলাকায় ত্রিশ একর জায়গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী মাছের মেলা। কুশিয়ারা, সুরমা, মনু নদ, হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওরসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাগাইড়, রুই, কাতলা, বোয়াল, চিতলসহ দেশি জাতের মাছ উঠেছে মেলায়। প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই মেলা যুগ যুগ ধরে মৌলভীবাজারসহ আশপাশের এলাকার মানুষের অন্যতম উৎসবে পরিণত হয়েছে। মেলাটি বসে পৌষ সংক্রান্তির এক দিন আগে।

সরেজমিন দেখা যায়, শিশু-কিশোরসহ নানা বয়সের হাজারো মানুষের ঢল মেলায়। মাছের মেলা বলেই মাছের দিকে জনতার স্রোত। বিভিন্ন দোকানে নানা আকারের বোয়াল, রুই, কাতলা, চিতল, বাগাইড় (বাঘমাছ) নিয়ে বসেছেন বিক্রেতারা।

পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার এক মাছ ব্যবসায়ী মেলায় সবচেয়ে বড় বাগাইড় মাছটি নিয়ে আসেন। প্রায় আড়াই মণ ওজনের মাছের দাম হেঁকেছেন ২ লাখ টাকা। ক্রেতারা দাম করছেন ৭৫ হাজার টাকা। বিক্রেতা বলছেন দেড় লাখ টাকা দাম পেলে মাছ বিক্রি করবেন। আরেক বিক্রেতা মো. সামছুল ইসলাম জানান, এবার মেলায় বড় মাছ কম। আগের মতো স্থানীয় নদী, হাওর ও খাল-বিলে মাছ নেই। তবে মেলায় ক্রেতা আছেন। দামও ভালো।

মৌলভীবাজার জেলার হাকালুকি, কাওয়াদীঘি, হাইল হাওর, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জের হাওর, মনু, কুশিয়ারাসহ হাওর নদী থেকে মেলা উপলক্ষে এই মাছ ধরা হয়েছে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চল থেকেও মেলায় মাছ আসে।

শেরপুর মাছের মেলা পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বলেন, দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে মেলায় আসেন। এবার কয়েক কোটি টাকার মাছ বিক্রি হবে আশা করছি।

এদিকে মাছের মেলাকে ঘিরে অন্যান্য সামগ্রীও উঠেছে মেলায়। বিশাল এলাকায় বিভিন্ন ধরনের খাদ্যের হোটেল, তিলুয়া-বাতাসা, খৈ-মুড়ি, নানারকম মৌসুমি ফল, শিশুদের খেলনা, কিশোরী-তরুণীদের প্রসাধনী। শীতের কাপড়, বাঁশ-বেত ও কাঠের তৈরি আসবাবপত্র, ঘর-সংসারের নানারকম মাটির বাসন-কোসন, কাঠের জিনিস, লোহালক্কড়ের সামগ্রী, কৃষি যন্ত্রপাতিসহ হরেকরকম চোখ ধাঁধানো পণ্যের দোকান বসেছে। সবকিছুই কেনাবেচা হচ্ছে।

শেরপুরের পাশাপশি জেলার ছোট-বড় সব কয়টি বাজারে মাছের মেলা বসেছে। মঙ্গলবার ভোর রাতে এই মেলা শেষ হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: