বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণের ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকা সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক।
আহতরা হল, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আলী হোসেন (৩৬) এবং দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রাসেল (২৫) ও একই এলাকার জাফর আলমের ছেলে আরিফ উল্লাহ (৩২)।
স্থানীয়দের বরাতে মাসরুরুল হক বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে আলী হোসেন সহ কয়েকজন গরু আনতে যায়। এসময় মাটিতে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। পরে তার সাথে থাকা অন্য লোকজন তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এদিকে সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকা সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে পৃথক আরেকটি মাইন বিস্ফোরণের ঘটনায় রাশেদুল ইসলাম রাসেল ও আরিফ উল্লাহ নামের দুই যুবক আহত হয় বলে জানান ওসি।
মাসরুরুল হক বলেন, সকালে রাসেল সহ কয়েকজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে গরু আনতে গিয়েছিল। এসময় আকস্মিক মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাসেল ও আরিফ উল্লাহ আহত হয়। ঘটনায় রাসেলের ডান পায়ের গোড়ালী বিচ্ছিন হয়ে যায়। পরে সঙ্গে থাকা লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে।