জুমার নামাজে লাখো মুসল্লি

মিলটন খন্দকার, গাজীপুর

সারাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার জুমার নামাজ। দুপুর ১টা ৫৩ মিনিটে জুমার

2025-02-01T01:04:39+00:00
2025-02-01T01:04:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জুমার নামাজে লাখো মুসল্লি
তুরাগ তীরে আখেরি মোনাজাত কাল
মিলটন খন্দকার, গাজীপুর
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৪ এএম 
জুমার নামাজে লাখো মুসল্লি
গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার জুমার নামাজ। দুপুর ১টা ৫৩ মিনিটে জুমার নামাজ শুরু হয়। নামাজের আগে জুমার খুতবা শুরু হয় ১টা ৪৩ মিনিটে। নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। দুপুরে জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠসংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। এদিকে গতকাল ইজতেমার ময়দানে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার ফজর নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল। এ ছাড়াও বিশেষ কিছু অনুষ্ঠান যেমন-সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেন প্রফেসর আবদুল মান্নান, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লি ছাড়াও ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার বহু মানুষ ভোর থেকে যানবাহনে, এমনকি হেঁটে ইজতেমাস্থলে আসতে থাকেন। কেউ কেউ ময়দানে প্রবেশ করে নিজ নিজ এলাকা থেকে আগত পরিচিতদের সঙ্গে নামাজ আদায় করেন। ময়দানের নির্ধারিত খিত্তার পাশাপাশি তুরাগ নদীর পশ্চিমপাড়ে, ময়দান পার্শ্ববর্তী কামারপাড়া সড়কে ও ফুটপাথে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাথে এবং খোলা জায়গায় নামাজ আদায় করেন আগত মুসল্লিরা।

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫টি আলাদা সেক্টরে কাজ করছেন ৭ হাজারেরও বেশি পুলিশ সদস্য। এ ছাড়াও অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছর তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করে। বিশ্ব ইজতেমায় অংশ নেয় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ইজতেমায় বয়ান করেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানারা। এতে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ পর্যন্ত ৭২টি দেশের প্রায় ২ হাজার ১৫০ জন বিদেশি মুসল্লি ইতিমধ্যে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন শূরায়ী নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। তিনি আরও জানান, ইজতেমা আরও পাঁচ দিন বাকি আছে। এ সময়ে বিভিন্ন দেশ থেকে বিদেশি মুসল্লি ইজতেমায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, ইজতেমা উপলক্ষে টঙ্গীর ইজতেমা মাঠ ও তুরাগ নদের তীরে হাজারও মুসল্লির আনাগোনা। এর মধ্যে মূল ইজতেমা মাঠে বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে অবস্থান করছেন হাজার হাজার মুসল্লি। তাদের কেউ বয়ান শুনছেন। কেউবা ব্যস্ত রান্না, ওজু ও গোসলে। এর মধ্যেই দলে দলে মাথায়, কাঁধে, আবার কারও হাতে একাধিক ব্যাগ, পোটলা নিয়ে মাঠে প্রবেশ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।

বিগত বছরগুলোতে তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভী অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা একাই দুই ধাপে ইজতেমা করবেন। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। ২ ও ৫ ফেব্রুয়ারি যথাক্রমে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা রয়েছে।

আখেরি মোনাজাত : রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যেই কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যুবায়ের আহম্মেদ আখেরি মোনাজাত করবেন। এর মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।

বিশ্ব ইজতেমায় নিরাপত্তার : ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। অনেক গুজব ছড়াবে, এটির বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে। প্রচুর ভিক্ষুক লক্ষ করা যাচ্ছে, মনে হয় এটি কোনো চক্রের মাধ্যমে ব্যবসায়িকভাবে বসানো হয়েছে। মানবিক কারণে উচ্ছেদ করা যাচ্ছে না। তাদের অন্য কোনো স্থানে নিয়ে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ জন্য ইজতেমায় দায়িত্বশীল মুসল্লিদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক হকার বসেছে, তাদের উচ্ছেদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও এবার অনেক শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা মাঠের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ইজতেমা আয়োজকরা জানান, আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা।

ময়দানে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট মোতায়েন : ইজতেমা ময়দানের অগ্নিনিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা দিতে ২৪ ঘণ্টা মোবাইল ফোন নম্বর চালুসহ অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পুরো ময়দানে অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৭৪ জনকে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে ড্রোন ইউনিট। তাৎক্ষণিক অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় (নির্ধারিত জায়গায়) ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ার ফাইটার সবসময় দায়িত্ব পালন করবেন। অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য দুটি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১-০২০৮৬৫ মোবাইল ফোন নম্বর ও ০২২২-৪৪১০০৮২ নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে। অগ্নিনিরাপত্তা দিতে ময়দানের বিভিন্ন স্থানে ৪টি পানিবাহী গাড়ি, ৩টি অ্যাম্বুলেন্স, ১৪টি পাম্প, ২২০টি এক্সটিংগুইশার, ১৩টি জেনারেটর, ১২৮টি ওয়াকিটকি, ১৫০টি ডেলিভারি হোস এবং ১৪টি ব্রাঞ্চ পাইপ প্রস্তুত রাখা হয়েছে।

দুই মুসল্লির মৃত্যু : মারা যাওয়া আবদুল কুদ্দুস গাজী (৬০) খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে এবং ছাবেত আলী (৭০) শেরপুর জেলার শ্রীবরদী থানার ৩নং রানী শিমুল এলাকার আবদুল্লাহ ছেলে। শুক্রবার তাদের মৃত্যু হয়। তবে স্থানীয় আরেকজন মৃত ব্যক্তিসহ মোট তিনজনের জানাজা অনুষ্ঠিত হয় ইজতেমা ময়দানে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: