নওগাঁর নিয়ামতপুরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার নাম রোজিফা বেগম (৬৫)। স্বামীর নাম মোকছেদ আলী।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে গোসল খানায় যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল রোজিফা বেগম। ছেলে ইমরান আলী (৩৫) মসজিদ থেকে বাড়ি ফিরে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর ঘটনায় অনুসন্ধান চলছে। পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জেডআই