কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।
উপজেলার নামা মির্জাপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে পূর্ব নির্ধারিত সম্মেলন পণ্ড হয়ে যায়।
কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চরফরাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন করে চরফরাদী ইউনিয়ন বিএনপি। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের নামা মির্জাপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন শুরু হয়।
সেই সময় চরফরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, থানা বিএনপির সদস্য একখলাছুর রহমান, আবদুল কুদ্দুস, মোনায়েমসহ আরও অনেকেই।
সম্মেলনে কমিটি গঠনের পদ্ধতি নিয়ে সভাপতি পদে প্রার্থী মো. সৈয়দ মিয়া ও মোশারফ হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ ও মোশারফের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে চরফরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুর বলেন, সম্মেলন শেষ হওয়ার পর কিছু মানুষের কথা কাটাকাটি হয়। সেই সময় বিরোধী দলের কিছু উচ্ছৃঙ্খল লোক গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটায়।