প্রতিদিন ইফতার করেন ৫০০ সুবিধাবঞ্চিত

কায়সার রহমান রোমেল, গাইবান্ধা

সারাদেশ

গাইবান্ধায় বিনামূল্যে ইফতার ও সেহরি নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র বয়স্ক নারী-পুরুষ, এতিম শিশু এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে ‘গণ উন্নয়ন কেন্দ্র

2025-03-15T09:18:17+00:00
2025-03-15T09:18:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শেষ রমজানে পান ঈদের উপহারও
প্রতিদিন ইফতার করেন ৫০০ সুবিধাবঞ্চিত
কায়সার রহমান রোমেল, গাইবান্ধা
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:১৮ এএম 
গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় সারি বেধে ইফতার করেন সুবিধাবঞ্চিতরা। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় বিনামূল্যে ইফতার ও সেহরি নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র বয়স্ক নারী-পুরুষ, এতিম শিশু এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ রোজা পর্যন্ত জেলা শহরের মাস্টারপাড়ায় সংস্থাটির নিজস্ব চত্বর থেকে প্রতিদিন পাঁচশ মানুষকে বিনামূল্যে ইফতার ও রাতের খাবার (সেহরি) দেওয়া হচ্ছে। এ ছাড়া শেষ রমজানে প্রত্যেককে দেওয়া হয় ঈদ উপহার। 

আসরের নামাজের পরই শ্রমজীবী মানুষজন জড়ো হতে থাকেন গাইবান্ধা পৌর শহরের মাস্টারপাড়ায় সংস্থাটির নিজস্ব চত্বরে। নারীদের সঙ্গে আসেন শিশু ও বয়স্ক পুরুষরাও। একটা সময় নিজেরাই সারি বেঁধে দাঁড়িয়ে একে একে প্যান্ডেলে প্রবেশ করতে থাকেন। এরপর তাদের পাতে ইফতার তুলে দেন একদল স্বেচ্ছাসেবক। প্রতিদিন ৫০০ শ্রমজীবী মানুষের জন্য ইফতার ও রাতের খাবার সহায়তা কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন জিইউকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (জিইউকে আইইটি) তরুণ শিক্ষার্থী ও সংস্থার কর্মীরা। শুধু এবারই নয়, সাত বছর ধরে এই ইফতার ও রাতের খাবার সহায়তা করছেন তারা। 

এই আয়োজনের উদ্যোক্তা গণউন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী  প্রধান এম. আবদুস সালাম জানান, রমজান মাসে দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র বয়স্ক নারী-পুরুষ, এতিম শিশু ও প্রতিবন্ধীদের খাবারের সংকটসহ নানা সমস্যায় পড়তে হয়। তারা তাদের নিজেদের ইচ্ছামতো খাবার খেতে পারেন না। তাদের সেই মানবিক দিক বিবেচনা করে পবিত্র রমজান মাসজুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত সাত বছর ধরে জিইউকের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের একটি অংশ দিয়ে রমজান মাসের প্রথম দিন থেকে এ খাদ্য সহায়তা দিয়ে আসছে সংস্থাটি। ইফতারে প্রতিদিন বিশেষ আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এবং বিশিষ্টজনদের। তারা সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।

ইফতারের আগে বিকালে শহরের মাস্টারপাড়ায় সংস্থাটির নিজস্ব চত্বরে গিয়ে দেখা যায়, টেবিলে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে ইফতারের প্লেট। অন্যদিকে প্রস্তুত হচ্ছে রাতের খাবার। প্রতিদিন পাঁচশ মানুষের রাতের খাবার ও ইফতার আয়োজন করা হয় এখানে। রাতে খাবারের পাতে থাকে মুরগির মাংস, ডিম, মাছ, সবজি, ডাল। এ ছাড়া ছোলা-বুট, পেয়াজু, বেগুনি, বুন্দিয়া-জিলাপি, মুড়ি, তরমুজে সাজানো হয় ইফতারের প্লেট। 

ইফতার করতে আসা সাহেদা বেগম নামের এক নারী বলেন, স্বামী ঢাকায় দিনমজুরের কাজ করেন। এক মেয়েকে নিয়ে কষ্টে চলে তার সংসার। বাজারে সব জিনিসের দাম চড়া। ৫০ টাকার নিচে ইফতার করা যায় না। কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই তার। জিইউকের ইফতার আয়োজন শুরু হলে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে এখানেই ইফতার করেন। অসহায়-দুস্থদের জন্য হলেও এ আয়োজনে কোনো কমতি নেই। সারা দিন রোজা রেখে এখানে সবাই তৃপ্তি নিয়ে পেটপুরে খেতে পারে।

গত ২ মার্চ  রমজানের প্রথম দিন এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুর রহমান ডালেস, গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালামসহ বিশিষ্টজনরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ রকম কর্মসূচি গ্রহণের আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: