সিরাজগঞ্জের কাজিপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ দীর্ঘদিন ধরে নিজের কোচিং সেন্টারে ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই শিক্ষকের নাম শামীম রেজা।
অভিযোগ উঠেছে, উপজেলার বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক এক বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ের নয় জোড়া বেঞ্চ নিজ দখলে রাখেন। তিনি সেগুলো বিদ্যালয়ের পাশে একটি গোডাউনে নিজের কোচিং সেন্টারে ব্যবহার করে আসছিলেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। সহকারী শিক্ষক শামীম বলেন, ‘বেঞ্চগুলো প্রায় এক বছর ধরে ব্যবহার করে আসছি। বিষয়টি পুরাতন এবং নতুন প্রধান শিক্ষক অবগত আছেন। বেঞ্চগুলো বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হবে।’
বিদ্যালয়ের প্রধানশিক্ষক আয়শা সিদ্দিকা বলেন, ‘এ বিষয়ে জানতাম না। কিছুক্ষণ আগে বেঞ্চ ফেরত পাঠিয়েছে সেই শিক্ষক।’
কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ ধরনের কাজের কোনো সুযোগ নেই, তদন্তে ঘটনার সত্যতা মিমলে সেই সহকারী শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।