কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় মিয়ানমারের রোহিঙ্গা বুঝায় একটি নৌকা অনুপ্রবেশকালে তলা ফেটে ডুবে যাওয়ার সময় বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকারী এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।
শনিবার (২২ মার্চ) ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে অনুপ্রবেশকালে এই ঘটনা ঘটেছে।
টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশের কালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকা ডুবির যাওয়ার খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোহিঙ্গা বুঝায় নৌকা উদ্ধারকার্য ক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়।
তিনি আরো বলেন, পরবর্তীতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যসহ আর অন্য কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।