সরু রেলগেটে যানজট-ভোগান্তি

মো. আবদুল মালেক, রানীনগর (নওগাঁ)

সারাদেশ

তীব্র যানজটের মুখে নওগাঁর রানীনগরে রেলগেট ও রেলস্টেশন মোড় হয়ে উঠেছে জনভোগান্তির আরেক নাম। বিশেষ করে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ও

2025-04-05T09:50:03+00:00
2025-04-05T09:50:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সরু রেলগেটে যানজট-ভোগান্তি
মো. আবদুল মালেক, রানীনগর (নওগাঁ)
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৫০ এএম 
রেলগেটে এলেই নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে প্রায় সারা দিনই লেগে থাকে যানজট। নওগাঁর রানীনগর রেলগেট থেকে তোলা। ছবি: সময়ের আলো
তীব্র যানজটের মুখে নওগাঁর রানীনগরে রেলগেট ও রেলস্টেশন মোড় হয়ে উঠেছে জনভোগান্তির আরেক নাম। বিশেষ করে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ও রানীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়ক দুটি প্রশস্তকরণ হওয়ার কারণে দুটি সড়ক দিয়ে ছোট-বড় যানবাহনের চলাচল কয়েকগুণ বেড়েছে। এ ছাড়া প্রতিদিন ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ করা হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আর সেই যানজটের কবলে পড়ে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি জেলার পথচারীদের। সড়কের মতো রেলগেট ও রেলস্টেশন মোড়ে আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে প্রশস্তকরণ বর্তমানে সময়ের দাবি।

উত্তরবঙ্গের নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ বগুড়ার কিছু অঞ্চলের মানুষ বর্তমানে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করছে। ফলে এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই কয়েক হাজার ছোট-বড় যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে। এ ছাড়া প্রতিদিনই উত্তরবঙ্গ থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীর সঙ্গে যোগাযোগকারী যাত্রীবাহী ও মালবাহী ছোট-বড় ৩০টি ট্রেন চলাচল করে। ফলে সরু রেলগেটের কারণে দিনের সিংহভাগ সময়ই ট্রেন চলাচলে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদের সময় চারদিক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে এবং ট্রেন চলাচলের সময় সরু রেলগেট বন্ধ থাকার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হচ্ছে পথচারীদের। এতে করে যানজটের শিকার হয়ে প্রতিদিনই হাজার হাজার পথচারীর শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অনেক সময় তীব্র যানজটের সৃষ্টি হলে স্থানীয়রা ট্রাফিকের দায়িত্ব পালন করে। 

উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, অফিসিয়াল বিভিন্ন কাজ করতে উপজেলা পরিষদে যেতে কিংবা জরুরি কোনো রোগীকে উপজেলা এবং জেলা সদর হাসপাতালে নিতে হলে রেলগেট পার হতে হয়। ফলে রেলগেটে এসে যানজটে আটকে পড়ার কারণে অনেক রোগীকে মৃত্যুবরণও করতে হয়েছে। যাতায়াতের অধিকাংশ সময়ই সরু রেলগেটে এসে যানজটের কবলে পড়তে হয়। আর ঈদের সময় এসে যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় ঘণ্টায় ঘণ্টায় যানজটের শিকার হতে হচ্ছে। রেলগেটের দুই পাশের মহাসড়ক ও সড়কে আধুনিকতার ছোঁয়া লাগলেও সরু রেলগেটের কারণে তার কোনো সুফল মিলছে না।

উপজেলা সদরের অটোভ্যান চালক সাইফুল ইসলাম বলেন, সরু রেলগেট বর্তমানে আমাদের গলার কাঁটাতে পরিণত হয়েছে। যখন ট্রেনের কারণে গেট বন্ধ থাকে তখন দুই পাশে প্রায় কিলোমিটার সড়কজুড়ে যানবাহনের জট লেগে যায়। বিশেষ করে সরু রেলগেটের পাশ দিয়ে একজন মানুষ কিংবা সাইকেল ও মোটরসাইকেল চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে হলে দ্রুতই রেলগেট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত ভবন ও দোকানগুলো ভেঙে রেলগেটের সড়ক ও মোড় বড় করার কোনো বিকল্প নেই।

রানীনগর রেলস্টেশনের সহকারী মাস্টার আতিকুল ইসলাম বলেন, রানীনগরের ওপর দিয়ে দিনের বেলায় ব্রডগেজ ও মিটারগেজ মিলে ১৬টি ট্রেন আর রাতের বেলায় ১৪টি ট্রেন চলাচল করে। এ ছাড়া মালবাহী বিভিন্ন ট্রেনতো আছেই। বিশেষ করে দিনের বেলায় ট্রেন চলাচলের সময় ছোট্ট রেলগেটটি অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হয়। এতে করে গেট পার হওয়ার সময় ব্যস্ততম দুটি সড়ক ও মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এই বিষয়টি আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি।

সান্তাহার রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান জানান, রানীনগরের রেলস্টেশন ও রেলগেটসহ আরও কয়েকটি রেলগেট আধুনিকায়ন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে আবেদন পাঠিয়েছি। অনুমোদনের পর সংশ্লিষ্টদের সহযোগিতায় কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, দুটি ব্যস্ততম সড়কের মাঝে সরু রেলস্টেশন ও রেলগেট মোড় এই দুটি কারণে উপজেলাবাসীর দ্রুত চলাচলে প্রতিনিয়তই বিঘ্ন ঘটছে। অধিকাংশ সময় উপজেলার পশ্চিম প্রান্ত থেকে পূর্বপ্রান্তে যেতে রেলগেট এলাকায় এসে দীর্ঘ সময় ধরে যানজটের শিকার হতে হয়। এই দুটি মোড়কে প্রশস্তকরণ করে কীভাবে যানজট মুক্ত করা যায় সেই বিষয়ে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুতই যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল জানান, রানীনগরের ওই দুটি মোড় প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করা খুবই জরুরি। এ ছাড়া এক দিক থেকে অপর দিকের রাস্তার কোনো অংশ দেখতে না পাওয়ার কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমন সমস্যা থেকে উত্তরণের জন্য স্থানীয় প্রশাসন রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে জায়গাটি আমাদের কাছে হস্তান্তর করলে আমরা রেলগেট প্রশস্তকরণ কাজ শুরু করার প্রকল্প গ্রহণ করব।



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: