চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) একটি জুতার কারখানার বরখাস্ত শ্রমিকদের হামলায় সাতজন কর্মী আহত হয়েছেন। হামলার দুই ঘণ্টা পর কারখানা ছুটি দেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম ইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরে অবস্থিত এক্সেলসিয়র সুজ নামে জুতার কারখানায় এ ঘটনা ঘটে। হামলায় সাতজন আহত হয়েছেন। তারা হলেন- বাবুল (৩২), আবদুল হাকিম (৬০), বিপ্লব (২৫), কামরুল হাসান (৪০), সাইমুল ইসলাম (২৩), শাকিল (৩৫) ও মামুনুর রশিদ (৩২)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতার উজ্জামান বলেন, এক্সেলসিয়র সুজের ৪০ শ্রমিককে আগে বরখাস্ত করা হয়। এই ঘটনার জেরে বরখাস্ত শ্রমিকরা নানা কর্মসূচিও পালন করেছেন। রোববার সকালে কারখানায় গিয়ে হামলা করে ভাঙচুর করে। এসময় অনেকে আহত হন। বেশি আঘাতপ্রাপ্তদের চমেকে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, রোববার সকালে একদল শ্রমিক জুতার কারখানায় হামলা চালালে কর্মরত শ্রমিকরা আহত হয়েছেন। হামলাকারীরা কারখানার বরখাস্ত শ্রমিক। তারা প্রথমে বিক্ষোভ মিছিল করে। এরপর হামলা ও ভাঙচুর চালায়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।