ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যের বসতঘরে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা ঘরে থাকা টাকা ও স্বর্ণ লুট করার পর গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য মাহাদী হাসান খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানার ওসি আবদুস সালাম। এ বিষয়ে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোফাজ্জেল আলী খান বলেন, শুক্রবার পরিবারের সবাই মিলে আমার মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে বসতঘরের পেছনের দরজা ভেঙে ঘরের টাকা-পয়সা ও স্বর্ণের গহনা নিয়ে যায়।