বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির রাজস্থলীতে ঐতিহ্যবাহী সাংগ্রাই বা পানি খেলা (রিলং পোয়ে) অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বসেছে জমজমাট মেলা।
বুধবার ১৬ (এপ্রিল) দুপুরে রাঙামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)-এর উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গারহালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত পানি খেলা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোন কমান্ডার লে. কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ।
সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন কমিটির সভাপতি মং সুই প্রু মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবির, সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক আদুমং মারমাসহ আমন্ত্রিত অতিথিরা।
অতিথিরা মঞ্চে মং (ঘণ্টা) বাজানোর পর ফিতা কেটে ও পানি ছিটিয়ে পানি খেলা উৎসবের উদ্বোধন করেন। এরপর তরুণ-তরুণীরা পানি উৎসব শুরু করেন। ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তারা একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসব মাতিয়ে তোলেন। পানি খেলার পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পাহাড়ি শিল্পীরা নিজস্ব সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশন করেন। এই উৎসবকে কেন্দ্র করে স্কুল মাঠে বিভিন্ন লোকজ সংস্কৃতি নিয়ে বসে গ্রামীণ মেলা। এতে খাবার, কাপড়চোপড় ও গৃহস্থালি সামগ্রীর পসরা বসে। দিনব্যাপী চলে মারমাদের বিভিন্ন আয়োজন। পানি খেলা উৎসব থেকে মন দেওয়া-নেওয়া বা পাত্রপাত্রী পছন্দের পর্বটিও একটি দারুণ ঐতিহ্য।
পুরাতন বছরের দুঃখ, কষ্ট, গ্লানি ও অপশক্তির ছায়া ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে এ আয়োজন করা হয়। এটি পাহাড়ের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব।
এদিকে মঙ্গলবার কাপ্তাই উপজেলার চিৎমরমে পৃথক জলকেলি উৎসব পালিত হয়েছে। আগামী ১৯ এপ্রিল রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের পানি খেলার মাধ্যমে শেষ হবে সাংগ্রাই জলোৎসব।