কুমিল্লায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) সফলভাবে আয়োজন করেছে ‘নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা।
মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর রিজিওনাল অফিস ও ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থা।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- রিদওয়ানুল ইসলাম, যিনি একজন অভিজ্ঞ ফ্যাক্টচেকার হিসেবে ফেক্টওয়াচে কর্মরত। কর্মশালায় তিনি অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা ও নিরাপদ অনলাইন ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় কুমিল্লার বিভিন্ন পেশার নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো—গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্তরের অংশীজন কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানতে পারেন কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যায়, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, গুজব শনাক্তকরণ, তথ্য যাচাই ও অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা পাওয়া যায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-এর ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, এবং মোহাম্মদ নুরুল হক, কুমিল্লা জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সহ সাকমিডের অন্যান্য কর্মকর্তারা।
সাকমিড আগামী এক বছরে কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে সাকমিড।