অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, কুয়েটের সমস্যাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা যথেষ্টভাবে উদ্বিগ্ন। এটা ছোট বিষয় না যে রাতারাতি সমাধান সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ফরিদপুরে সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কুয়েট উপাচার্যের পদত্যাগের বিষয়ে সরকারের মনোভাব কী, জানতে চাইলে ড. সি আর আবরার বলেন, আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলব না, পুরো প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি। এখানে অংশীদার যারা ছিলেন, তাদের নিয়ে কমিটি হচ্ছে, বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা যে রিকমেন্ডশন (পরামর্শ) দেবেন, সেগুলো সরকার বিবেচনায় নেবে। তবে সমস্যা সমাধান করার যে প্রক্রিয়া, সেটি ত্বরান্বিতভাবে আমরা সম্পাদন করছি এবং আশা করি, দ্রুত সমাধান হবে।
তিনি বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোনো দাবি উপস্থাপন করত তখনই রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তে তাদের ওপর। এখন যেহেতু আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসঙ্গে তাড়াহুড়া করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে।
এর আগে সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন শিক্ষা উপদেষ্টা। সেসময় ফরিদপুর নিয়ে স্মৃতিচারণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, সাধারণ সম্পাদক লেখক মফিজ ইমাম মিলন প্রমুখ।
আরআর