রাজশাহীতে আলুর দামে ধস

মাহী ইলাহি রাজশাহী

সারাদেশ

রাজশাহী অঞ্চলে আলু লাগানো শুরু হয় অগ্রহায়ণ মাসে। এরপর শুরু হয় পরিচর্যা। আলু তোলার ধুম পড়ে ফাল্গুন ও চৈত্রজুড়ে। সেই

2025-04-25T01:02:05+00:00
2025-04-25T01:38:39+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে আলুর দামে ধস
মাহী ইলাহি রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১:০২ এএম  আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
রাজশাহী অঞ্চলে আলু লাগানো শুরু হয় অগ্রহায়ণ মাসে। এরপর শুরু হয় পরিচর্যা। আলু তোলার ধুম পড়ে ফাল্গুন ও চৈত্রজুড়ে। সেই আলু করা হয় সংরক্ষণ। আগে চাষিরা আলু বুনে লাভের স্বপ্ন দেখতেন। কিন্তু এবার সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। চাষিদের উৎপাদন খরচই উঠছে না। উল্টো লোকসানে বিক্রি করতে হচ্ছে আলু।

চাষিরা বলছেন, গত এক যুগে আলুর দামের এত পতন হয়নি। উৎপাদিত বিপুল পরিমাণ আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন আলুচাষিরা। ক্রেতা না থাকায় চাষিরা না পারছেন জমি থেকে বিক্রি করতে আবার বুকিং না থাকায় হিমাগারেও রাখতে পারছেন না। স্থানীয় কৃষকরা বলছেন, বর্তমানে মাঠ থেকে আলু বিক্রি করা হচ্ছে ৯ থেকে ১১ টাকা কেজি দরে। এই হিসাবে এক মণ আলুর দাম উঠছে ৩৬০-৪৪০ টাকা। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোতালেব হোসেন বলেন, আবহাওয়া ভালো থাকায় আলুর ফলন ভালো হয়েছে। কিন্তু বিপুল পরিমাণ আলু সংরক্ষণের সুবিধা না থাকায় এবার আলুর দাম কমে গেছে।

আলুচাষিদের অভিযোগ, হিমাগার মালিক ও মজুদদারদের কারসাজিতে আলুর দরপতন ঘটেছে। এবার রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। গত বছর রাজশাহীসহ উত্তরাঞ্চলে প্রতি কেজি আলু সংরক্ষণে হিমাগার ভাড়া ছিল ৪ টাকা। এবার এক লাফে সংরক্ষণ ভাড়া বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে।

হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেট কৌশল করে হিমাগারের অগ্রিম বুকিং সম্পন্ন করে রেখেছে। ভুক্তভোগী আলুচাষিরা আরও বলছেন, এবার সাধারণ কৃষকরা হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। ফলে রাজশাহীসহ উত্তরাঞ্চলের হাজারও আলুচাষি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও না ওঠায় ব্যাংক ও মহাজনি ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, হিমাগারের ভাড়া কেন্দ্রীয়ভাবে বাড়ানো হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হিমাগারে বুকিং শুরু হয় আবাদ শুরুর অনেক আগে। অনেক ক্ষেত্রে এক বছর আগেই বুকিং হয়ে যায়। এখানে সিন্ডিকেটের কিছু নেই।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, রাজশাহী জেলায় ৩৭ হাজার ৩৭৮ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আবাদ হয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে। মৌসুমে জেলায় প্রায় ১১ লাখ টন আলু উৎপাদন হয়েছে। রাজশাহীতে ৩৬টি হিমাগারের ধারণক্ষমতা চার লাখ টন। তাই প্রায় সাত লাখ টন আলু থেকে যাবে সংরক্ষণের বাইরে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৩ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২৭ টন হিসাবে এই পরিমাণ জমি থেকে এবার প্রায় ৯৮ লাখ ৬৫ হাজার টন আলু ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তরাঞ্চলের সর্বাধিক আলু উৎপাদনকারী জেলাগুলো হলো- রাজশাহী, বগুড়া ও রংপুর।

উত্তরাঞ্চলে আলু সংরক্ষণের জন্য ২২১টি হিমাগার রয়েছে। এসব হিমাগারে আলুর ধারণক্ষমতা ২৩ লাখ ৭৫ হাজার টন। এই পরিমাণ উত্তরাঞ্চলে উৎপাদিত মোট আলুর মাত্র ২৩ ভাগ। বাকি ৭৫ লাখ ২৩ হাজার ২৮৮ টন আলু সাময়িকভাবে গৃহ পর্যায়ে সংরক্ষণ করা হয় এবং কিছু আলু চলতি বাজারে বিক্রি করা হয়।

তানোরের আলুচাষি রমজান আলী বলেন, মৌসুমে বীজ আলুর দাম দ্বিগুণ হওয়ায় এক বিঘা জমিতে আলু আবাদে ব্যয় হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। এক বিঘা জমিতে এবার আলু হয়েছে ৪ হাজার ৪৫০ কেজি। প্রতি কেজি ১০ টাকা দরে বিক্রি করে পেয়েছি ৪৫ হাজার ৫০০ টাকা। প্রতি বিঘায় এবার আমার ক্ষতি ১৫ থেকে ২০ হাজার টাকা। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

বাগমারা উপজেলার বানাইপুর গ্রামের আলুচাষি জুয়েল রানা বলেন, আমরা কৃষক সবদিকেই ক্ষতিগ্রস্ত। এবার ফলন ভালো হয়েছে, কিন্তু লাভ হলো না। কোল্ডস্টোরেজে জায়গা পাইনি। গত বছর কেজিপ্রতি কোল্ডস্টোরেজ ভাড়া ছিল ৪ টাকা। এবার সেটি ৮ টাকা হয়েছে। বিপুল পরিমাণ লোকসান কাটিয়ে ওঠা কঠিন। তাই আলু বিক্রি করে দিতে হচ্ছে। সেখানেও কোনো লাভ উঠছে না।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: