হাকিমপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ পুলিশের হাতে গ্রেফতার ৭
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:৩১ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে হাকিমপুরে গ্রেফতার সাতজন। ছবি : সময়ের আলোদিনাজপুরের হাকিমপুরে হিলি-বিরামপুর সড়কে ‘সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তর পার্শে আপ্তইর এলাকার হিলি-বিরামপুর সড়কের ব্রিজের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতিকালে এ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি আজ শুক্রবার দুপুর দুইটার দিকে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, পৌর শহরের সিপি মুন্সীপাড়া এলাকার আকবর মুন্সির ছেলে গোলাপ ওরফে দুখু (২৯), একই এলাকার ভুট্টো মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), একই এলাকার ইসার উদ্দিনের ছেলে আলম (৩২), বাবু মিয়া (২৫), রহমত আলীর ছেলে জনি (২৮) ও ইদুলের ছেলে বাপ্পি (২৮)।
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কের আপ্তইর এলাকায় ব্রিজের পশ্চিম পাশে মেহগনি গাছের নিচে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করা হয়। দুই জন আসামি পালিয়ে যায়। আটক আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অপরাধে মামলা দায়ের করে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সুজা মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।