চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে ইউনিফর্ম জব্দের পর বুধবার (২৮ মে) দুপুরে এ খবর জানাজানি হয়। ইউনিফর্ম জব্দের ঘটনায় পুলিশ পোশাক কারখানা নূর ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে ইউনিফর্মগুলো বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের।
কারখানার কর্মীরা সাংবাদিকদের জানায়, সাব-কন্ট্রাক্টে অর্ডার দাতা রিংভো অ্যাপারেলস নূর ফ্যাশনকে তাদের বলেছে, আমেরিকার আনসার সদস্যদের জন্য ইউনিফর্মগুলো তৈরি করা হচ্ছে। এই নিয়ে অল্প সময়ের ব্যবধানে তৃতীয় দফায় কেএনএফের ইউনিফর্ম জব্দ করলো পুলিশ।
তবে বরাবরের মতো পাহাড়তলী থানা এবং বায়োজিদ বোস্তামী থানা পুলিশের কেউ ইউনিফর্ম উদ্ধারের বিস্তারিত তথ্য দিচ্ছে না। শুধু বলেছে ইউনিফর্ম জব্দ করা হয়েছে। বিস্তারিত বলতে পারবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, পোশাক কারখানা থেকে কিছু ইউনিফর্ম জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী এলাকার নূর ফ্যাশন নামে পোশাক কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়। এই পোশাক কারখানা সাব-কন্ট্রাক্টে হিসাবে ইউনিফর্মগুলো তৈরি করেছে। বায়োজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার নয়াহাটে রিংভো অ্যাপারেলস নামে পোশাক কারখানা থেকে কাজের অর্ডারগুলো পেয়েছে নূর ফ্যাশন। ২২ হাজার ইউনিফর্ম তৈরির অর্ডার পাওয়ার পর প্রায় ১৬ হাজার পিস ইউনিফর্ম তৈরি করা হয়। মঙ্গলবার পুলিশ এসে কারখানার বিভিন্ন অংশ থেকে ইউনিফর্মগুলো জব্দ করে নিয়ে যায়।
কারখানার কর্মীরা বুধবার সাংবাদিকদের বলেন, নূর ফ্যাশনে শুধু ইউনিফর্মগুলো প্রস্তুত করার অর্ডার পেয়েছিল। প্রতি ডজন ১২শ’ টাকায় তৈরি হয় ইউনিফর্ম। সুতা বোতাম কাপড় সবই সরবরাহ করেছে রিংভো অ্যাপারেলস। তারা মেশিন ও মজুরি বাবদ অর্থ পাবে মূল অর্ডার দেওয়া প্রতিষ্ঠান থেকে।
কর্মীরা আরও জানায়, পোশাকগুলো দেখে সন্দেহ হওয়ায় নূর ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান রিংভো অ্যাপারেলসকে জানায়। উত্তরে তারা বলেছে, আমেরিকার আনসার সদস্যদের জন্য ইউনিফর্মগুলো তৈরির অর্ডার পেয়েছে। এসব ইউনিফর্ম ওই দেশের আনসার সদস্যদের জন্য। তবে নূর ফ্যাশনের মালিক ইউনিফর্মগুলো অবৈধ সংগঠন বা প্রতিষ্ঠানের জানতে পারার পর পরই তৈরির কাজ বন্ধ করে দেন। এর মধ্যে পোশাক তৈরি বাবদ পাওনা পরিশোধের জন্য রিংভো অ্যাপারেলসের কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি।
এদিকে নূর ফ্যাশন থেকে ইউনিফর্ম জব্দের ঘটনায় পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ইউনিফর্ম জব্দের পর পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাও দায়েরের প্রক্রিয়া চলছে।
গত ১৭ মে নগরীর অক্সিজেন নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে প্রথমবার ২০ হাজার ৩০০ পিস পোশাক জব্দ করা হয়। গত সোমবার নগরের একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। সর্বশেষ মঙ্গলবার রাতে ১৫ হাজার পিস ইউনিফর্ম জব্দ করা হলো।
সময়ের আলো/জেডআই