রাজধানী
ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে সোমবার (১৬ জুন) এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা। এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরআর