বৃষ্টি মানেই কি ঘরবন্দি? না! বর্ষাই তো প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ, কবিতার মতো। সাগরের ঢেউ হয়ে ওঠে আরও উদ্দাম, পাহাড়ের গায়ে নামে সবুজের ঘন বৃষ্টি, আর জলপ্রপাত ফিরে পায় উদ্দাম যৌবনের শব্দ। তাই ভ্রমণপিপাসুদের কাছে বর্ষাকাল এখন শুধু এক ঋতুই নয়, হয়ে উঠেছে অনুভব। তবে এই সৌন্দর্যের খুঁজে বের হওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে—কারণ পাহাড়-সমুদ্র-হাওর বর্ষায় যেমন মোহময়, তেমনি ঝুঁকিপূর্ণও।
বর্ষায় ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সতর্ক পরিকল্পনা। কোথাও যাওয়ার আগে স্থানীয় আবহাওয়ার হালনাগাদ তথ্য জেনে নিন। ভারী বৃষ্টিপাত, পাহাড়ে ভূমিধস বা হাওরে পানি বাড়ার সতর্কতা থাকলে যাত্রা পেছান। সঙ্গে থাকুক রেইনকোট, ছাতা আর দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক। পাহাড়ি পথে হাঁটার জন্য চাই শক্ত গ্রিপওয়ালা ট্রেকিং উপযোগী জুতা। আর গহিন ট্রেইলে গেলে অবশ্যই সঙ্গে নিন স্থানীয় অভিজ্ঞ গাইড—তার নির্দেশনা জীবনরক্ষার মতো গুরুত্বপূর্ণ।
জলপ্রপাতে ছবি তুলতে তুলতে অনেকেই ওঠে পড়েন পিচ্ছিল ঢালের ওপরে, এই ভুল কিন্তু হতে পারে মারাত্মক। নিচের কূপে নামার আগে নিশ্চিত হোন পানির গভীরতা নিয়ে। সাঁতার না জানলে ভুলেও এমন ঝুঁকি নেবেন না। আর পাহাড় মানেই জোঁকের রাজত্ব! মোজা ও প্যান্টের মাঝে জায়গা খালি রাখবেন না। তবুও যদি জোঁক লেগেই যায়, ভয় পাবেন না, শক্ত কিছু দিয়ে আলতো করে সরিয়ে ফেলুন। প্রয়োজনে সঙ্গে রাখুন লবণ। লবণ দেওয়া মাত্রই জোঁক সঙ্গে সঙ্গে সরে যাবে।
সমুদ্রে যাওয়ার পরিকল্পনা থাকলে জোয়ার-ভাটার সময়, বাতাসের গতিবিধি—সব আগেভাগে জেনে নিন। সৈকতে লাল নিশান থাকলে সেখানে নামা মানা। সাঁতার না জানলে সমুদ্রের ঢেউয়ের কাছে যেতে হলে অবশ্যই লাইফ জ্যাকেট পরুন। লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুন।